Leopard

মাঝরাস্তায় ডেলিভারি বয়ের উপর হামলা চিতাবাঘের! তারপর… ভাইরাল হাড়হিম ভিডিও

হাড়হিম করা ওই ঘটনা ধরা পড়েছে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৬:২৬

options
link
মাঝরাস্তায় ডেলিভারি বয়ের উপর হামলা চিতাবাঘের! তারপর… ভাইরাল হাড়হিম ভিডিও
ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ।

মধ্যপ্রদেশের ইন্দোর শহরে লোকালয়ে সাক্ষাৎ যমের সঙ্গে দেখা হল জনৈক ডেলিভারি বয়ের। রাতে নিজের কাজ সেরে ফিরছিলেন ওই যুবক। তখনই আচমকা তাঁর মোটরসাইকেলের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বুনো চিতাবাঘ। হাড়হিম করা ওই ঘটনা ধরা পড়েছে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রাণে রক্ষা পেলেন যুবক?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দোরের বিচোলি মারদানা আবাসিক এলাকায় ঘটেছে ভয়ংকর কাণ্ড। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ডেলিভারি বয় মোটরসাইকেলে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎই অন্ধকার ফুঁড়ে একটি চিতাবাঘ তীব্র গতিতে ছুটে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটির প্রচণ্ড ধাক্কায় মোটরবাইক-সহ রাস্তায় ছিটকে পড়েন যুবক। তবে চরম বিপদের সময়েও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন তিনি। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত উঠে দাঁড়ান তিনি। এবং কালবিলম্ব না করে চিতাবাঘের থাবা থেকে বাঁচতে দৌড়ে প্রাণরক্ষা করেন।

Advertisement

লোকালয়ে চিতাবাঘের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও খবর পাওয়া মাত্র স্থানীয় থানার পুলিশ ও বন বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চিতাবাঘটিকে খাঁচাবন্দি করতে পুলিশ ও বন কর্মকর্তারা যৌথভাবে আশপাশের ফসলের খেত, ঝোঁপঝাড় ও সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গাগুলোতে কয়েক ঘণ্টা ধরে নিবিড় তল্লাশি অভিযান চালায়। যদিও এখনও পর্যন্ত খুনে চিতাবাঘটির সন্ধান মেলেনি। বন কর্মকর্তাদের অনুমান, হামলার পরেই বাঘটি লোকালয় ছেড়ে পাশের গভীর বনাঞ্চলে আশ্রয় নিয়েছে।

প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, চিতাবাঘটিকে ধরা না পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হবে। আপাতত এলাকার বাসিন্দাদের দিনের বেলাতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি কাজ ছাড়া একা রাতে ঘরের বাইরে বেরতে বারণ করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.