১৩ বছরের সম্পর্ক, ৩ সন্তানের বাবা, জন্মদিনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ট্র্যাকের রাজা বোল্টের
জীবনের দৌড়ে আরও এক মাইলফলক ছুঁয়ে ফেললেন বিশ্বের দ্রুততম মানব।
জামাইকার কিংস্টনে ৪০তম জন্মদিনের অনুষ্ঠানে কাসিকে বিয়ের প্রস্তাব দেন বোল্ট। জানা গিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই হাঁটু গেড়ে বসে আংটি নিয়ে প্রেমিকাকে প্রস্তাব দেন রেসিং ট্র্যাকের কিংবদন্তি। কাসির জন্য গোটা বিষয়টি ছিল একেবারে অপ্রত্যাশিত। পরে নতুন আংটির ছবি দিয়ে আনন্দের কথাও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
২০১৬ সালে শেষ বার অলিম্পিকে দেখা গিয়েছিল তাঁকে। এর ঠিক এক বছর পর অবসর নেন। এহেন বোল্টের জন্মদিনের আগেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন কাসি। ২১ আগস্টের একটি পোস্টে তিনি লিখেছিলেন, “আমার ভালোবাসা, আমার ঘর, আমার চিরকাল।” বোল্টের বাবা হিসাবে ভূমিকারও প্রশংসা করেন তিনি। কাসির কথায়, রেসিং ট্র্যাকে সব সময় অসাধারণ বোল্ট। তবে তাঁর কাছে মানুষ উসেইনই সবার চেয়ে আলাদা, খাঁটি।
২০১৩ নাগাদ শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। প্রথম দিকে ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন দু’জনে। তবে ২০১৬ সালের রিও অলিম্পিকের সময় তাঁদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। সেই সময় বোল্ট ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪×১০০ মিটার রিলেতে সোনা জিতে ঐতিহাসিক ‘ট্রিপল-ট্রিপল’ সাফল্য সম্পূর্ণ করেন কিংবদন্তি স্প্রিন্টার বোল্ট।
আরও পড়ুন:
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিয়ের দিকে এগোলেন বোল্ট-কাসি। এক সাক্ষাৎকারে বোল্ট জানিয়েছিলেন, বাবা-মায়ের সম্পর্কই তাঁর কাছে আদর্শ। তাঁর কথায়, “আমি চাই, আমার বাবা-মায়ের মতো সম্পর্ক আমারও হোক।” সেই স্বপ্ন পূরণের পথেই এবার আরও এক ধাপ এগোলেন ৮ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। বুলিতে ১৯টি সোনার পদক থাকা মানুষটি এবার জীবনসঙ্গীকে পাশে নিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।