সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, মিচেল স্টার্করা সবাই পিছনে পড়ে থাকলেন৷ বিশ্বের সেরা দুই বোলারের আসন দখল করলেন ভারতীয় দুই স্পিনার৷ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা৷
ইংল্যান্ডকে ৪-০-য় ব্রাউনওয়াশ করেছে বিরাটবাহিনী৷ চেন্নাইয়ে পঞ্চম তথা শেষ টেস্টে ১০টি উইকেট তুলে নিয়ে দলকে মধুর জয় এনে দেওয়ার অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন জাদেজা৷ আর সেই সৌজন্যেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের দু’নম্বরে উঠে এলেন ভারতীয় স্পিনার৷ পাঁচ টেস্টের সিরিজে ২৬টি উইকেট ঝুলিতে ভরেন তিনি৷ এদিকে সিরিজে ২৮টি উইকেট নিয়ে টেস্টে শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন৷ এর আগে এমন বিরল ঘটনা একবারই ঘটেছিল৷ ১৯৭৪ সালে টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছিলেন দুই ভারতীয় বিষেন সিং বেদি এবং ভগবত চন্দ্রশেখর৷
ইংল্যান্ড ফিরল খালি হাতে৷ আর টিম ইন্ডিয়াকে দিয়ে গেল অনেক কিছু৷ ব্যাটসম্যানদের তালিকাতেও ভারতীয়দের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে৷ শেষ টেস্টে ১৯৯ রানের দুরন্ত ইনিংস খেলে ব়্যাঙ্কিংয়ে ২৯ ধাপ উঠলেন লোকেশ রাহুল৷ আপাতত তিনি টেস্ট কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে দাঁড়িয়ে (৫১)৷ এদিকে শেহবাগের দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩০০ রানের ক্লাবে প্রবেশ করা করুণ নায়ারও চমকে দিয়েছেন দেশবাসীকে৷ ১২২ ধাপ উঠে ৫৫ নম্বরে রয়েছেন তিনি৷ ইংল্যান্ডকে ব্রাউনওয়াশ করার দৌলতে এক নম্বর টেস্ট দল হিসেবে বছর শেষ করল টিম ইন্ডিয়া৷
সর্বশেষ খবর
-
পয়লাদিনেই কেল্লাফতে ‘আওয়ারাপন ২’-এর, উন্মাদনা উসকে তৃতীয় ভাগের ইঙ্গিত ইমরানের
-
আফগানিস্তান হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা! গ্রেপ্তার বাংলার ‘তালিবান’ জঙ্গি
-
ফুটবলে বিশ্বজয়ের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড, অজিদের পিছনে ফেলে ইতিহাস স্পেনের
-
ধর্ম থেকে জাতিগত পরিচয়, জনগণনায় ৪০ প্রশ্ন, দিতে হবে ‘ব্যক্তিগত’ তথ্যও
-
ভোজন রসিকদের জন্য সুখবর! স্বাধীনতা দিবসে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের