সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলের বেতাজ বাদশা তিনি। তাঁর নামের পাশে লেখা একাধিক রেকর্ড। হ্যাঁ, কথা হচ্ছে লিওনেল মেসির (Lionel Messi)। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পর মাঠের বাইরে যাঁকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। আর এই চর্চার মধ্যেই অজান্তে নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন বার্সেলোনা সুপারস্টার। তাঁর সামনে হার মানল কোভিডও!
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরই বার্সা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন এলএম টেন। আর ঠিক তারপর থেকেই শুরু জল্পনা। তাহলে আগামী মরশুমে কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন মেসি? কার সঙ্গে খেলতে দেখা যাবে তাঁকে? নেইমারের পিএসজি কিংবা রোনাল্ডোর জুভেন্তাসে যোগ দেওয়ার কি সম্ভাবনা আছে? বিশ্বের সেরা তারকাকে নিজেদের দলে নিতে কত খরচ হতে পারে কোনও ক্লাবের? ইত্যাদি নানারকম কৌতূহল জেগেছে ফুটবলপ্রেমীদের মনে। আর এসব প্রশ্নের উত্তর পেতে গুগলই ভরসা। সেখানেই মেসির নাম দিয়ে এই সংক্রান্ত খবরের খোঁজ চালাচ্ছেন তাঁর ভক্তরা। আর সেই থেকেই অজান্তে নতুন রেকর্ড গড়ে ফেললেন মেসি। কী রেকর্ড?
[আরও পড়ুন: আইএসএল থেকে লা লিগা, জল্পনার অবসান ঘটিয়ে হায়দরাবাদ ছেড়ে বার্সেলোনা চললেন রোকা]
হিসেব বলছে, মেসি (Mesi) লিখে গুগলে যত সার্চ হয়েছে, গত কয়েক মাসে COVID লিখেও তত হয়নি। অর্থাৎ এই রোগের খুঁটিনাটি আপডেটের থেকে মেসির ভবিষ্যৎ জানতে বেশি আগ্রহী বিশ্ববাসী। এমনকী, ‘Messi leaves Barca’ লিখে সার্চের পরিমাণ নাকি ২৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনে।

গুগলের প্রকাশিত সার্চ ডেটাতেই স্পষ্ট, কীভাবে সার্চ বারে মেসির নাম চড়চড় করে উপরে উঠেছে। টপকে গিয়েছে কোভিডকেও।
বিশ্বজুড়ে মহামারী শুরুর পর থেকে কোভিড বা করোনা ভাইরাস বিষয়েই গুগলে বেশি খোঁজ চলেছে। কিন্তু গত কয়েক মাসে এই প্রথমবার কোভিডকে হার মানালেন মেসি! তবে একা আর্জেন্টাইন তারকা নন, তাঁর সঙ্গে সার্চ করা হয়েছে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেওকেও। মেসিকে নিয়ে ক্লাবের অবস্থান জানতেই তাঁর নাম দিয়ে সার্চ করা হয়েছে। Bartomeu লিখে সার্চ বেড়েছে ১৪৫০ শতাংশ। একটা হতাশাজনক ম্যাচ যে মেসির প্রতি ভক্তদের ভালবাসা এতটুকু কমাতে পারেনি, এ তারই প্রমাণ। সেই জন্যই তো ফুটবলপ্রেমীরা জানতে উৎসুক কোথায় খেলবেন তিনি।
[আরও পড়ুন: মাস্ক পরায় আপত্তি ছিল চাহারের! করোনা আক্রান্ত হওয়ার পর ভাইরাল ক্রিকেটারের পুরনো পোস্ট]
সর্বশেষ খবর
-
অবিলম্বে স্থগিতাদেশ চাই! গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই হাই কোর্টে মামলা
-
১৭ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং
-
‘সরকারি প্রকল্পের জন্য উপাসনাস্থল অধিগ্রহণে আইনি বাধা নেই’, মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের
-
পুরসভার ইতিহাসে এই প্রথম! সরকারের ঘরে ফিরে যাচ্ছে কাউন্সিলর তহবিলের ১০০ কোটি
-
আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? বিতর্কের মাঝেই সামনে এল পরিসংখ্যান