সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘন্টা পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই পড়শি দেশ ভারত ও বাংলাদেশ। কিন্তু বাইশ গজের উত্তাপ দুদিন আগে থেকেই পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুপক্ষই একে অপরকে নিয়ে ঠাট্টা, তামাশায় মেতেছে। অনেকেই বলছেন, কোহলিদের সামনে ঠিকতে পারবেন না মোর্তাজারা। টুর্নামেন্টের হট ফেভরিট তথা আয়োজক দেশ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছে বহু সমালোচনার জবাব দিয়ে দিয়েছে। সেই কারণেই ক্রিকেট বিশেষজ্ঞরা ফাইনালে কিন্তু ভারত-পাক মহারণের উপরই বাজি ধরছেন।
তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় বাংলাদেশও। ইতিহাস সৃষ্টি করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছেছেন শাকিবরা। ফেসবুক, টুইটারে ভারতের দিকে কাদা ছোড়াছুড়ি ভালই চালাচ্ছে বাংলাদেশিরা। পাল্টা জবাব দিচ্ছে ভারতের ক্রিকেটভক্তরাও। এই পরিবেশে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। অতীত রেকর্ড ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারত বাংলাদেশের থেকে কয়েক যোজন এগিয়ে। তবে শেষ পাঁচ সাক্ষাৎকারে ভারতকে দুবার হারিয়েছে বাংলাদেশ। সেটাই চিন্তায় রেখেছে কোহলিকে। ম্যাচের আগে কোহলি জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় দল। মোমেন্টামটা ধরে রাখতে চান। সেমিফাইনালে নামার আগে বেশ কয়েকটা ভাল ম্যাচ খেলেছে ভারত। তবে খেলায় অনিশ্চয়তা রয়েইছে। তাই স্বাভাবিক ছন্দটাই ধরে রাখতে চায় ভারত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ তো বলেই দিয়েছেন, ভাগ্যের সাহায্যে শেষ চারে পৌঁছেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়াই ম্যাচ জিতবে।
পরিসংখ্যানও কোহলিদের পক্ষেই রয়েছে। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ৩২ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ভারত জিতেছে ২৬ বার। বাংলাদেশ মাত্র ৫টি ম্যাচে জয়ী হয়েছে। অমীমাংসিত ছিল একটি ম্যাচ। এমনকী নিরপেক্ষ ভেন্যুয়ে ৭টি ম্যাচে ৬ বারই বাংলাদেশ পরাস্ত হয়েছে। তবে এই পরিসংখ্যান নিয়ে না ভেবে বেশ সাবধানী কোহলি। উলটে বাংলাদেশকে বিপজ্জনক দল হিসাবে বর্ণনা করলেন তিনি। বলেন, ‘নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশ।’ সেমিফাইনালে দল অপরিবর্তিত রাখারই ইঙ্গিত দিয়েছেন কোহলি।
সর্বশেষ খবর
-
নিরাপত্তা নিয়ে উদ্বেগ! বিমানবন্দরে বিক্ষোভের ঘটনায় স্পিকার ওম বিড়লাকে চিঠি সৌগত রায়ের
-
ছাগল চুরি দেখে ফেলায় খুন নাবালক! মালদহে লিচু গাছে উদ্ধার ঝুলন্ত দেহ
-
প্রতিভাবান তরুণ ফুটবলারদের পাশে ডুরান্ড কর্তৃপক্ষ, ১১ জনকে দেওয়া হবে মোটা আর্থিক পুরস্কার
-
থেঁতলানো মাথা, রক্তাক্ত দেহ পড়ে রাস্তায়, ‘খুন’ কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের চালক
-
স্বাধীনতা দিবসে দুর্গাপুরের কলেজে ‘মাছ চোর’ গানে উদ্দাম নাচ! ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় দুর্গাপুর