Abhishek Porel

ধর্ষণ মামলায় মিলল না জামিন, আরও কতদিন জেলে বঙ্গ ক্রিকেটার অভিষেক?

ডাক্তারি পড়ুয়া এক তরুণীর অভিযোগে জেল হেফাজতে রয়েছেন বাংলার ক্রিকেটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৮:২৯

options
link
ধর্ষণ মামলায় মিলল না জামিন, আরও কতদিন জেলে বঙ্গ ক্রিকেটার অভিষেক?
অভিষেক পোড়েল। ফাইল ছবি

বাইশ গজ থেকে কারাগারে যেতে হয়েছে অভিষেক পোড়েলকে। ধর্ষণের অভিযোগে জেল হেফাজতে রয়েছেন বাংলার ক্রিকেটার। এবার সমস্যা আরও বাড়ল। তিন দিনের পুলিশি হেফাজত শেষে চুঁচুড়া আদালতে পেশ করে মগরা থানার পুলিশ। ফের তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সবমিলিয়ে বড়সড় সমস্যায় দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার।

Advertisement

ডাক্তারি পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগরা থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। একসঙ্গে বিদেশেও গিয়েছেন। বছর দেড়েক আগে সম্পর্কের অবনতি হয়। পরবর্তীকালে ফের সমস্যা শুরু হলে ওই তরুণী মগরা থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায়। গ্রেপ্তারি এড়াচ্ছিলেন তিনি। ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট ওই ক্রিকেটারকে গ্রেপ্তার করতে নির্দেশ দেয়।

Advertisement

তিনদিনের পুলিশ হেফাজতের পর এদিন আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। এখন তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তাঁকে ফের শুনানির জন্য আদালতে পেশ করা হবে। ফলে ২৩ বছর বয়সি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে।

Advertisement

তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। যদিও আগাগোড়া নিজেকে নির্দোষ বলে জানিয়ে এসেছেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.