BCCI pension

অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেনশন দেয় বিসিসিআই, মাসিক কত টাকা পাবেন রাহানে?

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রাহানে। বোর্ডের পেনশন পেতে একটি শর্তও মানতে হবে 'জিঙ্কস'কে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১০:১৭

options
link
অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেনশন দেয় বিসিসিআই, মাসিক কত টাকা পাবেন রাহানে?
অজিঙ্কে রাহানে। ফাইল ছবি।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অজিঙ্কে রাহানে। ঘরোয়া ক্রিকেট বা আইপিএলেও আর খেলবেন না। ক্রিকেট ছেড়ে রাহানে যে ধারাভাষ্যকার হিসাবে কাজ করতে চান, সেটা মোটামুটি পরিষ্কার। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসাবে অভিষেক হয়ে গিয়েছে তাঁর। তবে অবসর ঘোষণা করলেও রাহানে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন।

Advertisement

বিশ্বের সব ক্রিকেট বোর্ডে পেনশনের ব্যবস্থা না থাকলেও বিসিসিআই বহুদিন আগে থেকেই পেনশন দেয়। একটা সময় এই অঙ্কটা ছিল নামমাত্র। তবে বর্তমানে সেটা নেহাত ফেলনা নয়। আসলে ২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন প্রাক্তন ক্রিকেটারদের পেনশনের অঙ্কটা দ্বিগুণ করে দেন। সেই বর্ধিত হারেই পেনশন পাবেন রাহানেরা। এমনিতেই বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আবার দেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজনের দৌলতে আরও ফুলে ফেঁপে উঠেছে ভারতীয় বোর্ড। ফলে ওই বর্ধিত পেনশন দিতে কোনও সমস্যা হয় না।

Advertisement

বোর্ডের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টির বেশি টেস্ট ম্যাচ খেললে সেই ক্রিকেটার পেনশন পাবেন ৭০ হাজার টাকা। ২৫টির কম টেস্ট খেললে পেনশন ৬০ হাজার টাকা। আন্তর্জাতিক ক্রিকেটে খেললেই ৫২ হাজার টাকা। ঘরোয়া ক্রিকেটারদেরও মাসিক ১০-৩০ হাজার টাকা করে পেনশন দেয় ভারতীয় বোর্ড। সব মিলিয়ে প্রায় হাজার খানেক ক্রিকেটার এখনও এই পেনশন পান।

Advertisement

রাহানে যেহেতু ৮৫টি টেস্ট খেলেছেন, তাই তাঁর পেনশনের অঙ্কটা দাঁড়াবে মাসিক ৭০ হাজার টাকা। তবে এই পেনশন পেতে একটি শর্ত মানতে হবে তাঁকে। ভারতীয় বোর্ডের কোনও লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। আগামী দিনে যদি রাহানে বিসিসিআইরের বা অন্য কোনও ঘরোয়া বোর্ডের এমন কোনও পদে বসেন, যেখানে থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারেন, তাহলে সাময়িকভাবে পেনশন বন্ধ করে দেওয়া হবে। ওই পদ থেকে অবসর নিলে আবার এই পেনশন চালু হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.