২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশছাড়া শাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। প্রবল জনরোষের জেরে দেশের মাটিতে খেলাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে শাকিবের। তবে নতুন সরকার গঠনের পর সেই ছবিটা পালটাতে চেষ্টা করছে বিসিবি। জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ বোর্ড। তাদের আবেদন, শাকিবের বিরুদ্ধে ঝুলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হোক।
আরও পড়ুন:
২০২৪ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন শাকিব। আর দেশে ফেরা হয়নি তাঁর। তবুও তিনি অপেক্ষার প্রহর গুনছেন দেশে ফেরার প্রবল আগ্রহ নিয়ে। তাই প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, শাকিবকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর নিষ্পত্তি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সহযোগিতা চেয়ে। এ ব্যাপারে শাকিবকেও সব জানানো হয়েছে।
বিসিবি থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে, দেশের ক্রিকেটের স্বার্থে শাকিবকে প্রয়োজন। বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের সঙ্গে কথা বলে শাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি করা হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নিতে। যদিও নজরুল কোনো উদ্যোগ নেননি এই ইস্যুতে। তারপর বিসিবি থেকে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে শাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে সহযোগিতা চেয়ে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা বিসিবির চিঠি পেয়েছি। শাকিবের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে বিসিবি ও শাকিবের আইনজীবীকে পদক্ষেপ নিতে হবে। তাঁর ফেরার ব্যাপারে আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না।”
ওই কর্মকর্তা জানান যেসব ক্ষেত্রে সহযোগিতার করার সুযোগ থাকবে, সেগুলোও করা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শপথ নিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাশরাফি, শাকিবের ব্যাপারে নমনীয় থাকবেন তারা। তবে এই দুই ক্রিকেটারের মামলাগুলোর নিষ্পত্তি করা রাষ্ট্রীয় ব্যাপার। প্রসঙ্গত, শ্রমিক রুবেল মিয়ার হত্যা মামলার আসামি করা হয়েছে শাকিবকে। দেড় বছর হয়ে গেলেও সে মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়নি। এ ছাড়া শেয়ার বাজারে কারসাজির অভিযোগে শাকিব-সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেক জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাঁহাতি অলরাউন্ডারের বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে AI! ‘নেট’ পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কী বলছে শিক্ষামন্ত্রক?
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে ‘প্রতারক’ বলল আন্দোলনকারীরা!
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!
-
যুবভারতী বিপজ্জনক! মাঠের মান বাড়াতে বলল ব্রাজিল, কবে থেকে শুরু প্রস্তুতি?