IPL 2026

নেতা-মন্ত্রীদের নাম ভাঙিয়ে দেদার ব্যবসা, কেকেআর ম্যাচে টিকিটের কালোবাজারি ফাঁস

গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। প্লেঅফের দৌড়ে কোন কোন দল যাবে, তা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ফের সামনে এল টিকিট কালোবাজারি সংক্রান্ত বড়সড় বিতর্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৯:৩৩

options
link
নেতা-মন্ত্রীদের নাম ভাঙিয়ে দেদার ব্যবসা, কেকেআর ম্যাচে টিকিটের কালোবাজারি ফাঁস
ছবি এআই দ্বারা নির্মিত।

গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। প্লেঅফের দৌড়ে কোন কোন দল যাবে, তা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ফের সামনে এল টিকিট কালোবাজারি সংক্রান্ত বড়সড় বিতর্ক। সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ঘিরে টিকিট বিক্রির অনিয়মের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।

Advertisement

৩ মে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচকে কেন্দ্র করেই এই চক্র সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপ্পল থানার পুলিশ এই চক্রের হদিশ পায়। হাতেনাতে তিনজনকে ধরে ফেলে। হায়দরাবাদ পুলিশের মালকাজগিরি কমিশনারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ‘বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ হাজার টাকার টিকিট অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছিল।’

Advertisement

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ধৃতরা নিজেদের ভিআইপি বা ভিভিআইপি পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টিকিট নিত। তারা কখনও বিচারপতি, কখনও মন্ত্রী, আবার কখনও রাজ্যপালের নাম ব্যবহার করে জাল লেটারহেডের মাধ্যমে ক্রিকেট সংস্থার কাছ থেকে টিকিট সংগ্রহ করত। পরে সেই টিকিটই কয়েকগুণ বেশি দামে সাধারণ দর্শকদের কাছে বিক্রি করা হতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো র‍্যাকেটটি দীর্ঘদিন ধরে চলছিল।

Advertisement

এই ঘটনায় ধৃতদের কাছ থেকে একটি মাহিন্দ্রা থার গাড়ি, পাঁচটি আইপিএল (IPL 2026) টিকিট, পাঁচটি মোবাইল ফোন এবং একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের আদালতে পেশ করা হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, “এই ধরনের চক্র শুধু প্রতারণাই করছে না, খেলার স্বচ্ছতাকেও প্রশ্নের মুখে ফেলছে। তাই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুলিশ সাধারণ দর্শকদের সতর্ক করে জানিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্ম থেকেই টিকিট কেনা উচিত। নাহলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি সমস্যায় জড়ানোর সম্ভাবনাও থাকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.