IPL 2026

অবশেষে শাপমুক্তি! কেকেআর জিততেই মেট্রো স্টেশনে শুয়ে পড়ে ‘পাগলপারা’ সেলিব্রেশন, ভাইরাল ভিডিও

ছ’টা ম্যাচে পাঁচটায় হার। 'কেকেহার' কটাক্ষটাকে যেন সার্থক করে তুলেছিল নাইটরা। কেবল ক্রিকেটাররা নন, নেটদুনিয়ায় প্রবল কটাক্ষের শিকার হয়েছেন নাইট সমর্থককুলও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৩:১৮

options
link
অবশেষে শাপমুক্তি! কেকেআর জিততেই মেট্রো স্টেশনে শুয়ে পড়ে ‘পাগলপারা’ সেলিব্রেশন, ভাইরাল ভিডিও
কেকেআর। ফাইল ছবি।

ছ’টা ম্যাচে পাঁচটায় হার। ‘কেকেহার’ কটাক্ষটাকে যেন সার্থক করে তুলেছিল নাইটরা। কেবল ক্রিকেটাররা নন, নেটদুনিয়ায় প্রবল কটাক্ষের শিকার হয়েছেন নাইট সমর্থককুলও। অবশেষে রবিবার ইডেনে শাপমুক্তি। চলতি মরশুমের প্রথম ম্যাচ জিতেছেন অজিঙ্ক রাহানেরা। জয়ের আনন্দে আত্মহারা নাইট ভক্তকুল। অভিনব উপায়ে জয়ের সেলিব্রেশনে মাতলেন তাঁরা।

Advertisement

আইপিএলের (IPL 2026) ছ’টা ম্যাচ খেলে ফেলে নাইটদের ঝুলিতে ছিল মাত্র এক পয়েন্ট। পরিস্থিতি যা, তাতে ইডেনে যদি যশস্বী জয়সওয়াল-বৈভব সূর্যবংশীদের কাছে হেরে যেত কেকেআর, তা হলে এবারের মতো প্লে-অফ খেলার আশা কার্যত শেষ। এককথায় রবিবারের ইডেনে জীবন-মৃত্যুর ম্যাচ খেলতে নেমেছিল নাইটরা। তবে টানা হারের পরেও প্রিয় দলের প্রতি আশা হারাননি কেকেআর ভক্তরা। রবিবারের ইডেনে ৫১ হাজারেরও বেশি দর্শক এসেছিলেন।

Advertisement

রবিবার ইডেনের ভিড়ে একটা বড় অংশ ছিল রাজস্থান রয়্যালসের সমর্থক। তার প্রধান কারণ বৈভব সূর্যবংশী। তরুণ তুর্কির প্রত্যেকটা রান, প্রত্যেকটা বাউন্ডারি তারিয়ে তারিয়ে উপভোগ করেছ রবিবারের ইডেন। তবে ম্যাচ যত গড়িয়েছে, রাজস্থানের সমর্থন কমেছে তত। বৈভব আউট হওয়ার পর ভেঙে পড়ে রাজস্থান ব্যাটিং। তখন থেকেই নাইটভক্তদের মনে একটু একটু করে উঁকি দিতে শুরু করে জয়ের আশা।

Advertisement

শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়ের ছক্কায় ম্যাচ জেতে কেকেআর। সাত নম্বর ম্যাচে এসে অবশেষে জয় পেয়ে নাইট ড্রেসিংরুমে আবেগের বন্যা। অনেকেই কেঁদেছেন। রিঙ্কুকে মাঠের মধ্যেই চোখ মুছতে দেখা যায়। বরুণ চক্রবর্তী জানিয়ে গেলেন, ২০২৪-এ ট্রফি জয়ের পরও টিম এতটা আবেগে ভেসে যায়নি, যতটা রবিবার ইডেনে জেতার পর ঘটল। সমর্থকরাও পিছিয়ে নেই। ম্যাচ জেতার পর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকে এক নাইট সমর্থক সটান শুয়ে পড়লেন প্ল্যাটফর্মে। হাতে কেকেআরের পতাকা নিয়ে চিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য় প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেন হাত-পা ছড়িয়ে। সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। প্রিয় দলের প্রতি এমন ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Souradeep Biswas (@deepbiswasvlogs)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.