Varun Chakaravarthy

বরুণের উপর আস্থা হারাচ্ছে না কেকেআর, নাইট স্পিন আক্রমণকে সমীহ হায়দরাবাদেরও

কেকেআর যেমন নিজেদের স্পিনারদের উপর ভরসা রাখছে, তেমনই সানরাইজার্স হায়দরাবাদও নারিন-বরুণকে নিয়ে যথেষ্ট সতর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৪:৩৮

options
link
বরুণের উপর আস্থা হারাচ্ছে না কেকেআর, নাইট স্পিন আক্রমণকে সমীহ হায়দরাবাদেরও

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছন্দে নেই বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। প্রচুর রান দিচ্ছেন। উইকেট আসছে না সেভাবে। ওয়াংখেড়েতে আইপিএলের প্রথম ম্যাচেও ছবিটা বদলায়নি। তবে টিমের অন্যতম সেরা স্পিন অস্ত্রের উপর থেকে আস্থা হারাচ্ছে না কেকেআর।

Advertisement

বরং কোচ অভিষেক নায়ার বলে গেলেন, অতীতে এর থেকে আরও কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে বরুণকে। বলছিলেন, “আমার মনে হয় আগের বছরগুলোর তুলনায় বরুণ এখন মানসিক দিক থেকে ভালো জায়গায় রয়েছে। এর থেকে আরও কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ও আগে গিয়েছে। সেই চ্যালেঞ্জগুলো পেরিয়ে সফল হয়েছে। এবারও ঠিক সেটাই হবে। আসলে কী বলুন তো, সবাই জানে বরুণ দুর্ধর্ষ বোলার। ওর উপর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। বরুণ যে খুব খারাপ বোলিং করছে, সেটা একেবারেই নয়। কিন্তু অনেক সময় কী হয় বলুন তো, প্রতিপক্ষ আপনার থেকে বেশি ভালো খেলে। ক্রিকেটে এটা হতেই পারে। আর প্রথম ম্যাচের প্রেক্ষিতে আমি কিছুই বলতে চাই না। ওয়াংখেড়ের পিচে একেবারে ব্যাটিং স্বর্গ ছিল। সেখানে স্পিনারদের জন্য কিছুই ছিল না। শুধু বরুণ কেন, বাকি স্পিনারদেরও একই অবস্থা হয়েছে। ওদের গজনফরকে দেখুন। পঞ্চাশের কাছাকাছি রান দিয়েছে। মায়াঙ্ক মার্কন্ডে এক ওভারে ষোলো রান দেয়।”

Advertisement

কেকেআর যেমন নিজেদের স্পিনারদের উপর ভরসা রাখছে, তেমনই সানরাইজার্স হায়দরাবাদও নারিন-বরুণকে নিয়ে যথেষ্ট সতর্ক। রীতিমতো সমীহ করছে তারা। হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলছিলেন, “একটা ম্যাচ দিয়ে বিচার করলে চলবে না। কেকেআরের স্পিন অ্যাটাক দুর্দান্ত। ওদের স্পিনাররা বছরের পর বছরে ধরে দারুণ পারফর্ম করেছে। হালকা নেওয়ার কোনও প্রশ্নই নেই।’

Advertisement

একইসঙ্গে ক্যামেরন গ্রিনের প্রসঙ্গও উঠল। গ্রিন এবার শুরু থেকে বোলিং করছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট জানিয়ে দেয়, গ্রিন যে শুরুতে বোলিং করবে না, সেটা কেকেআর ম্যানেজমেন্ট জানত। নায়ারকে সেই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সংক্ষিপ্ত সময়ের কথা ভেবে কোনও সিদ্ধান্ত হয় না। আপনাকে দেখতে হবে কোন ক্রিকেটার বছরের পর বছর ধরে ভালো পারফর্ম করে এসেছে। তাছাড়া আমাদের মনে হয়েছিল, এমন একজন অলরাউন্ডারকে নিতে হবে যে আন্দ্রে রাসেলের জায়গা পূরণ করতে পারে। আমাদের মনে হয়েছিল, সেটা একমাত্র গ্রিনই করতে পারে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.