KKR vs LSG

অ্যালেন আউট ছিল না! হেরে অজুহাত খোঁজা শুরু নাইটদের, কাঁদুনি পিচ নিয়েও

নিজেদের শেষ চার ওভারে ক্যামেরন গ্রিন আর রভম্যান পাওয়েল থাকার পরও মাত্র ৫৪ রান তুলেছে নাইটরা। আর মুকুলের দাপটে শেষ চার ওভারে ৫৪ রান করেই জিতেছে লখনউ।

শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৩:০০

options
link
অ্যালেন আউট ছিল না! হেরে অজুহাত খোঁজা শুরু নাইটদের, কাঁদুনি পিচ নিয়েও
ছবি: সংগৃহীত।

খেলা শেষে ক্লাব হাউসের বক্স থেকে নিজের অফিসের দিকে যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুকুল চৌধুরি নিয়ে প্রশ্ন শুনে কিঞ্চিৎ দাঁড়িয়ে গেলেন। তারপর প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, “দুর্দান্ত ব্যাটিং করল ছেলেটা। তবে কেকেআর খুব খারাপ বোলিং করেছে। টানা একই জায়গায় বল ফেলে গেল। এভাবে বল করলে জেতা যাবে না।”

Advertisement

বৃহস্পতিবার ঘরের মাঠে এলএসজি-র (LSG) কাছে হারের পর উঠে আসছে ডেথ ওভারে কেকেআরের (KKR) ব্যর্থতার কথা। নিজেদের শেষ চার ওভারে ক্যামেরন গ্রিন আর রভম্যান পাওয়েল থাকার পরও মাত্র ৫৪ রান তুলেছে নাইটরা। আর মুকুলের দাপটে শেষ চার ওভারে ৫৪ রান করেই জিতেছে লখনউ। কেকেআর শিবির অবশ্য নিজেদের ব্যর্থতা ঢাকছে ফিন অ্যালেনের আউট সংক্রান্ত বিতর্ক আর পিচের চরিত্রের আড়ালে। ম্যাচ শেষে রভম্যান পাওয়েল যেমন বলে গেলেন, “অ্যালেনের আউটটা তফাত গড়ে দিয়েছে। আইপিএলে (IPL 2026) এর থেকে কম গুরুত্বপূর্ণ বিষয়ে আম্পায়াররা অনেক বেশি সময় নেন।”

Advertisement

পাওয়েল আরও বলছেন, “অ্যালেন আউট না হলেই আমরা জিততাম, বলছি না। তবে ওটা বেশ বড় ভুল তো বটেই।” পুরো ইনিংসে ৪৩টা ডট বল খেলেছে কেকেআর। অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশি বলে কোনও রানই করতে পারেননি গ্রিনরা। পাওয়েল যা নিয়ে কাঠগড়ায় তুললেন ইডেন পিচকে। “আজকের পিচটা রেগুলার উইকেটের মতো ছিল না। ব্যাটিং খুব সহজ ছিল না যে নেমেই চালানো যাবে। বরং বোলারদের সুবিধা হচ্ছিল।” তাই যদি হবে, কেকেআর বোলাররা কেন একটার পর একটা ছক্কা খেলেন মুকুল চৌধুরির মতো আনকোরা ব্যাটারের কাছে? স্পষ্ট উত্তর নেই রভম্যানের কাছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে শুক্রবার শহর ছাড়ছে কেকেআর। দলের সঙ্গে যাচ্ছেন বরুণ চক্রবর্তী, যিনি চোটের জন্য শেষ দু’ম্যাচে দলে ছিলেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.