IPL 2026

টাকা ওড়ানোর পর এবার চিয়ারলিডারদের অভব্য ইঙ্গিত! ফের বিতর্কে লখনউয়ের মাঠ, ভিডিও ভাইরাল

চলতি আইপিএলেই লখনউয়ের দর্শকদের আচরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। অভিযোগ, কিছু দর্শক চিয়ারলিডারদের দিকে নিজেদের ফোন নম্বর লেখা নোট ছুড়ে দিচ্ছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৭:৫০

options
link
টাকা ওড়ানোর পর এবার চিয়ারলিডারদের অভব্য ইঙ্গিত! ফের বিতর্কে লখনউয়ের মাঠ, ভিডিও ভাইরাল
চিয়ারলিডারদের সঙ্গে অভব্যতা দর্শকদের। ছবি: সোশাল মিডিয়া

দর্শকদের অসভ্যতা থেকে বাঁচাতে চিয়ারলিডারদের ‘খাঁচায়’ পুরে দেওয়া হয়েছিল। তারপরেও লখনউয়ের একানা স্টেডিয়ামে দর্শকদের অভ্যবতা বন্ধ হয়নি। আবারও চিয়ারলিডারদের বিরক্ত করার অভিযোগ উঠল লখনউ স্টেডিয়ামের দর্শকদের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই গুরুতর পর্যায়ে চলে যায় যে দর্শকাসনে নামে পুলিশ। দর্শকদের এহেন আচরণের ভিডিও ভাইরাল হয়ে যায়।

Advertisement

শনিবার পাঞ্জাব কিংসের বিরদ্ধে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএল (IPL 2026) থেকে বহুদিন আগেই ছিটকে গিয়েছে ঋষভ পন্থের দল। আপাতত তাদের প্রত্যেকটা ম্যাচই নিয়মরক্ষার। শনিবার একানা স্টেডিয়ামে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামে লখনউ। কিন্তু ক্রিকেটকে ছাপিয়ে দর্শকদের অভব্যতার কারণে এই ম্যাচ উঠে এল চর্চায়। প্রশ্ন উঠছে, চিয়ারলিডাররা তো ভারতের নানা প্রান্তের মাঠেই নৃত্য পরিবেশন করেন। কিন্তু লখনউ নিয়ে বারবার সমস্যা দেখা দিচ্ছে কেন?

Advertisement

ঠিক কী ঘটেছে শনিবার ম্যাচ চলাকালীন? পুরো ঘটনাটি অবশ্য জানা যায়নি। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনা থেকে অনুমান, ম্যাচের মাঝে পারফর্ম করছিলেন চিয়ারলিডাররা। সেসময়ে দর্শকাসন থেকে কোনও অভব্য ইঙ্গিত করা হয়। তিনজন চিয়ারলিডার সঙ্গে সঙ্গে থেমে গিয়ে অভিযোগ জানান। দর্শকদের মধ্যে কারা অসভ্যতা করেছে, সেটা দেখতে পেয়েছেন বলেও জানান চিয়ারলিডাররা। পুলিশ এসে দর্শকদের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত দর্শকদের শাস্তি হয়েছে কিনা, জানা নেই।

Advertisement

উল্লেখ্য, চলতি আইপিএলেই লখনউয়ের দর্শকদের আচরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। অভিযোগ, কিছু দর্শক চিয়ারলিডারদের দিকে নিজেদের ফোন নম্বর লেখা নোট ছুড়ে দিচ্ছিলেন। ফলে চিয়ারলিডারদের রক্ষা করতে একটি লোহার জালে ঘেরা মঞ্চ তৈরি করা হয়। গোটা ঘটনাটি নিয়ে নেটিজেনরা ক্ষোভ উগরে দেন। কারও কটাক্ষ, ‘চিয়ারলিডারদের নয়, অসভ্য দর্শকদেরই জালের আড়ালে রাখা উচিত ছিল।’ আরেকজনের মন্তব্য, ‘ক্রিকেট দেখতেই মানুষ মাঠে আসে। এই ধরনের আচরণ লজ্জাজনক।’ সেই লখনউয়ের মাঠেই ফের দর্শকদের অভব্যতার শিকার হলেন চিয়ারলিডাররা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.