IPL 2026

IPL 2026: RCB VS DC, ভুবি-হ্যাজেলউডের দাপটে সহজ জয় বেঙ্গালুরুর, দিল্লির লজ্জা বাঁচালেন বাংলার পোড়েল

আরসিবির দুই বোলারই মেরুদণ্ড ভেঙে দেন দিল্লির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২২:১৭

options
link
IPL 2026: RCB VS DC, ভুবি-হ্যাজেলউডের দাপটে সহজ জয় বেঙ্গালুরুর, দিল্লির লজ্জা বাঁচালেন বাংলার পোড়েল
বেঙ্গালুরুর দিল্লি বিজয়ের অন্যতম স্থপতি ভুবনেশ্বর কুমার।

দিল্লি: ৭৫ (অভিষেক ৩০, হ্যাজেলউড ১২/৪, ভুবনেশ্বর ৫/৩)

Advertisement

বেঙ্গালুরু: ৭৭/১ (দেবদত্ত ৩৪ অপরাজিত, বিরাট ২৩ অপরাজিত)

Advertisement

বেঙ্গালুরু ৯ উইকেটে জয়ী।

Advertisement

মনে হচ্ছিল যেন কোনও খেলার হাইলাইটস হচ্ছে। পরপর উইকেট পড়ছে। কেবলই উল্লাসে মাতছেন আরসিবির দুই বোলার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড। স্কোরবোর্ড দেখাচ্ছে ৯ রানে ৬ উইকেট! সকলেই ধরে নিয়েছিলেন, এমন নয়-ছয় পরিস্থিতিতে আইপিএলের সর্বনিম্ন স্কোরের রেকর্ডটা বোধহয় ভেঙেই যাবে আজ। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি বাংলার অভিষেক পোড়েলের সৌজন্যে। এবারের মরশুমে প্রথমবার নেমেই তিনি টানলেন দিল্লিকে। অবশ্য হার বাঁচানোর কোনও পরিস্থিতি তৈরি হয়নি। সহজেই ম্যাচ জিতলেন বিরাটরা।

দ্বিতীয় বলেই প্রথম উইকেট পড়ে দিল্লির। সেই যে শুরু হল, চলল আসা আর যাওয়া। অতীতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান আয়রনমঙ্গার ব্যাট করতে গেলে যদি ফোন আসত, তাহলে যিনি ধরতেন, বলতেন, ‘একটু ধরুন। উনি ব্যাট করতে গিয়েছেন। এখনই আসবেন।’ আজ যেন দিল্লির টপ অর্ডারকে ভর করেছিলেন আয়রনমঙ্গারের আত্মা! প্রথম ৬ জন ব্যাটসম্যানের স্কোর পরপর বসালে ফোন নম্বরের মতো দেখাবে- ০, ১, ১, ০, ৫, ০!

IPL 2026: RCB VS DC, Royal Challengers Bengaluru VS Delhi Capitals Match Result
আইপিএলের অভিষেকে সাহিল ফিরলেন খালি হাতে

অভিষেক পোড়েল (৩০) যখন নামলেন তখন স্কোর ৭ রানে ৫ উইকেট। ডেভিড মিলারের (১৯) সঙ্গে টানলেন অনেকটাই। অন্যদিকে বেঙ্গালুরু কেন এমন পরিস্থিতিতেও দুই ওপেনিং বোলারকে সব ওভার করিয়ে নিল না বোঝা যাচ্ছিল না। তবে পরে জানা যায়, দিল্লিতে খুব গরম। তিন ওভার বল করে ক্লান্ত হয়ে পড়েছিলেন ভুবি। তাই আর বল করেনি।

তবে সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে দিল্লি না বাঁচলেও পাওয়ার প্লে-তে সবচেয়ে খারাপ নজির গড়লেন মিলাররা। যে ঝড় ব্যাটে ওঠার কথা ছিল, এদিন সেটা উঠল ধুলোর! ১০ মিনিট বন্ধ থাকল খেলা। একসময় মনে হচ্ছিল, হয়তো অভিষেকরা লড়াই করে তিন অঙ্কে পৌঁছে দিতেও পারেন স্কোর। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ইনিংস ফুরিয়ে গেল ৭৫ রানে। ম্যাচের বয়স তখন ১৬ ওভার ৩ বল। ২১টা বল বাকি ছিল। হ্যাজেলউড নিলেন ১২ রানে ৪ উইকেট। ভুবির ঝোলায় তিন শিকার। রান দিয়েছেন মাত্র ৫!

বেঙ্গালুরু শুরু থেকেই যে চালিয়ে খেলবে এতে আশ্চর্যের আর কী! জ্যাকব বেথেল (২০) আউট হলেও বিরাটকে (২৩) সঙ্গে নিয়ে চালিয়ে খেলতে লাগলেন দেবদত্ত পাড়িক্কল (৩৪)। ম্যাচ কার্যতই শেষ হয়ে গিয়েছিল দিল্লি ইনিংসের শেষেই। আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বেঙ্গালুরু ইনিংসের সপ্তম ওভারে। কোহলির জোড়া ছক্কায়। সেই সঙ্গেই তিনি গড়লেন একটি নজিরও। আইপিএলে একমাত্র ব্যাটার হিসেবে ৯০০০ রানের।

এবারের আইপিএলে এর আগে এই মাঠেই উঠেছিল ২৬৪। আজ সেই মাঠেই প্রথম ব্যাট করা টিম একশোও পার করতে পারল না! যদিও জানা নেই, পিচ দু’টো আলাদা ছিল কিনা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.