RCB vs GT

জয়ে ফেরার লড়াইয়ে ‘প্রিন্স’ বনাম ‘কিং’, আজ শেষ হাসি হাসবেন কে?

বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠে খেললেও সেভাবে রান তুলতে পারেনি। শুভমানের গুজরাট টাইটান্সকে আবার হেলাফেলা করে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৬:৩৮

options
link
জয়ে ফেরার লড়াইয়ে ‘প্রিন্স’ বনাম ‘কিং’, আজ শেষ হাসি হাসবেন কে?
জয়ে ফেরার লড়াইয়ে 'প্রিন্স' বনাম 'কিং'। ফাইল ছবি।

একটা দলের মুখ ভারতীয় ক্রিকেটের ‘কিং’ বিরাট কোহলি (Virat KOhli)। প্রতিপক্ষের অধিনায়ক আবার ‘প্রিন্স’ শুভমান গিল (Shubman Gill)। শেষ ম্যাচটা ভালো যায়নি দু’পক্ষেরই। বিশেষত ব্যাটিংয়ে। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ঘরের মাঠে খেললেও সেভাবে রান তুলতে পারেনি। হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। শুভমানের গুজরাট টাইটান্সকে (GT) আবার হেলাফেলা করে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার সন্ধ্যায় চিন্নাস্বামীতে দু’পক্ষই নামছে জয়ের সরণিতে ফেরার লক্ষ্য নিয়ে।

Advertisement

গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবার আইপিএলের শুরুটা করেছিল জোড়া জয়ে। তারপর একটা ম্যাচ হারলেও ফের পরপর দু’টো জয় পান বিরাটরা। তবে শেষ ম্যাচে দিল্লির কাছে হারের পর কিছুটা ব্যাকফুটে দল। কারণ একা ফিল সল্ট ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউই। বিরাট, রজত পাতিদার, টিম ডেভিড, দেবদত্ত পাড়িক্কলরা একসঙ্গে ব্যর্থ হয়েছেন। গুজরাটের বিরুদ্ধে ব্যাটিংয়ের ভুলভ্রান্তি শুধরে নেওয়াই আপাতত লক্ষ্য আরসিবি-র। তবে আগ্রাসী ক্রিকেটের চেনা দর্শন থেকে দল যে সরছে না, স্পষ্ট করেছেন টিম ডিরেক্টর মো বোবাট। তাঁর কথায়, ‘আমি চাই, আমাদের দল এভাবেই আগ্রাসী ক্রিকেট খেলে যাক। সঙ্গে সাহসী হতে হবে। সঠিক সময়ে আগ্রাসন ও সাহস দেখানোটা জরুরি।” পাশাপাশি দলের অধিনায়ক পাতিদারের প্রশংসাও করেছেন বোবাট। “মাঠে সিদ্ধান্ত নেওয়ার কাজটা রজত ভালোভাবেই করে। কঠিন পরিস্থিতিতে ও মাথা ঠাণ্ডা রাখতে পারে। সঙ্গে ব্যাটিংয়েও অবদান রাখে। সবমিলিয়ে, দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়।”

Advertisement

গুজরাট আবার জোড়া হারের ধাক্কা সামলে জয়ের হ্যাটট্রিক করেছিল। তবে শেষ ম্যাচে অশ্বনী কুমার-মিচেল স্যান্টনারদের সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে শুভমানদের। চিন্নাস্বামীর পাটা উইকেটে নিজেদের ব্যাটিং শুধরে নেওয়াই এখন চ্যালেঞ্জ গুজরাটের। যদিও মুম্বইয়ের কাছে হারকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না টাইটান্স কর্তা বিক্রম সোলাঙ্কি। তাঁর কথায়, “একটা-দু’টো ম্যাচের ফলাফলের ভিত্তিতে দলের পরিকল্পনা আমূল বদলে ফেলার কোনও প্রশ্নই নেই। বরং ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধারাবাহিক হওয়ার উপর জোর দিচ্ছি আমরা।” গুজরাট বোলিং নিয়ে এখনও তেমন প্রশ্ন নেই। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কাগিসো রাবাডা এবং অশোক শর্মাকে নিয়ে গড়া পেস অ্যাটাক আইপিএলের অন্যতম সেরা। স্পিনার রশিদ খানকেও পাওয়া যাচ্ছে চেনা মেজাজে। তবে ব্যাটিং ভাবনা বাড়াচ্ছে রাঠোরদের। কারণ শুভমান ও জস বাটলার ছাড়া সেভাবে রান করতে পারছেন না কেউই। সেসব ভুল শুধরে নেওয়াই এখন চ্যালেঞ্জ গুজরাটের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.