MS Dhoni

হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত ধোনিহীন চেন্নাই, সঞ্জীবনী দিতে পরের ম্যাচেই ফিরছেন থালা?

চেন্নাই শিবিরে আরও একটা সুখবর হল, দিল্লি ম্যাচে দলে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও। তিনিও সুস্থতার পথে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৯:৩২

options
link
হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত ধোনিহীন চেন্নাই, সঞ্জীবনী দিতে পরের ম্যাচেই ফিরছেন থালা?
এমএস ধোনি। ফাইল ছবি।

হারের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চেন্নাই সুপার কিংস। তরুণ থেকে অভিজ্ঞ – সবাই ডাহা ফেল। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অভাব হাড়েহাড়ে বুঝতে পারছে সিএসকে। অনেকেই বলছেন, তিনিই হয়তো সঞ্জীবনী এনে দিতে পারবেন। সমস্যা হল, হ্যামস্ট্রিং সমস্যার জন্য খেলতে পারছেন না তিনি। কবে ফিরবেন মাহি? সেই আপডেট পাওয়া গেল। 

Advertisement

১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ চেন্নাইয়ের। জানা গিয়েছে, তার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ধোনিকে। মনে করা হচ্ছে, তার পরেই হয়তো খেলার ছাড়পত্র পেয়ে যাবেন ৪৪ বছরের ক্রিকেটার। প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না এমএসডি। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আগে নেটে দেখা যায় তাঁকে।

Advertisement

চেন্নাইয়ের অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। তাছাড়াও দলের বাকিদের পরামর্শও দেন ‘থালা’। তখনই বোঝা গিয়েছিল, খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি। হয়তো সেটাই হতে চলেছে। ধোনিকে দেখে মনে হচ্ছে, ফিটনেস পরীক্ষায় পাশ করতে সমস্যায় পড়তে হবে না তাঁকে। মনে করা হচ্ছে, দিল্লি ম্যাচে মাঠে নামার ছাড়পত্র পেয়ে যাবেন তিনি। অর্থাৎ সময়ের আগেই হয়তো চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন ধোনি।

Advertisement

চেন্নাই শিবিরে আরও একটা সুখবর হল, দিল্লি ম্যাচে দলে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও। তিনিও সুস্থতার পথে। আরসিবি ম্যাচের আগে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেছিলেন, “আমরা আশা করছি, পরের ম্যাচে ব্রেভিসকে পাওয়া যাবে। হাতে পাঁচ দিন সময় রয়েছে। আশা করছি পরের ম্যাচের আগেই ও তৈরি হয়ে যাবে।” ব্রেভিস না থাকায় চার বিদেশি নিয়ে খেলতে পারছে না চেন্নাই। মিডল অর্ডারও সমস্যায় পড়ছে। প্রোটিয়া তারকা ফিরলে অনেকটাই অক্সিজেন পাবে সিএসকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.