Big Bash League

এবার আইপিএলের মতোই আরও এক লিগ ভারতের মাটিতে! বিরাট চুক্তির পথে বিসিসিআই

সবে আইপিএল শুরু হয়েছে। এবার আইপিএলের মতোই আরও এক মেগা টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত হতে পারে ভারতের মাটিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৬:০৭

options
link
এবার আইপিএলের মতোই আরও এক লিগ ভারতের মাটিতে! বিরাট চুক্তির পথে বিসিসিআই
মিঠুন মানহাস। ফাইল ছবি।

সবে আইপিএল শুরু হয়েছে। প্রায় আড়াই মাস ব্যাপী মেগা টুর্নামেন্টের শুরুটা হয়েছে রীতিমতো ধামাকা দিয়ে। এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। এবার আইপিএলের মতোই আরও এক মেগা টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত হতে পারে ভারতের মাটিতে।

Advertisement

সূত্রের খবর, ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখে এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বেশি ম্যাচ না হলেও অন্তত মরশুমের প্রথম ম্যাচটা এদেশের কোনও স্টেডিয়ামে করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আসলে আইপিএলের পরই বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ বিগ ব্যাশ। ভারতেও ওই টি-২০ টুর্নামেন্টের প্রচুর সমর্থক রয়েছেন। সেই সমর্থককূলের কথা মাথায় রেখেই ভারতের মাটিতে বিগ ব্যাশ (Big Bash League) শুরুর উদ্যোগ।

Advertisement

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে। সব ঠিক থাকলে, খুব শিগগিরই বিগ ব্যাশের প্রথম ম্যাচ ভারতে আয়োজন করার বিষয়টিতে সিলমোহর পড়ে যেতে পারে। যদিও বিসিসিআই এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। তবে সব মিলিয়ে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের দাবি, ইতিমধ্যেই ভারতীয় স্পনসর এবং ভারতের সম্প্রচারককারী সংস্থার সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসলে বিগ ব্যাশের ভারতে যে বিপুল সমর্থন সেটাকে ব্যবসায়ীক দিক থেকেও কাজে লাগাতে চায় অজি বোর্ড। সেকারণেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ।

Advertisement

এই চুক্তি চূড়ান্ত হলে আগামী বিবিএলের প্রথম ম্যাচ হবে ভারতে। যা ইতিহাসে প্রথমবার। বিসিসিআই অবশ্য অতীতে একাধিকবার আইপিএল বিদেশের মাটিতে করেছে। কিন্তু অন্য কোনও দেশের লিগের ম্যাচ এভাবে আয়োজন করেনি ভারতীয় বোর্ড। এমনকী ক্রিকেট অস্ট্রেলিয়াও দেশের বাইরে বিগ ব্যাশের কোনও ম্যাচ আয়োজন করেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.