Clicky Ponting

মানকড়ের পর ‘ক্লিকি পন্টিং’! আঙুলের চুটকিতে আউটের অভিযোগে নতুন বিতর্ক

এক্কেবারে টাটকা এই বিতর্ক। এমন ঘটনা শোরগোল ফেলেছে ক্রিকেট মহলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৭:৩২

options
link
মানকড়ের পর ‘ক্লিকি পন্টিং’! আঙুলের চুটকিতে আউটের অভিযোগে নতুন বিতর্ক
আউট নিয়ে আজব বিতর্ক।

ক্রিকেটে বল টেম্পারিং থেকে ‘মানকড়’ বিতর্ক নতুন নয়। কিন্তু আঙুলের ‘ক্লিক’ শব্দে ব্যাটারকে আউট করানোর অভিযোগ? এক্কেবারে টাটকা এক বিতর্ক। এমন ঘটনা শোরগোল ফেলেছে ক্রিকেট মহলে। উত্তর ইয়র্কশায়ার ও সাউথ ডারহ্যাম ক্রিকেট লিগের ডিভিশন টু-র একটি ম্যাচে উঠেছে অভিনব প্রতারণার অভিযোগ। তদন্তও শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। গোটা বিষয়টিকে নেট নাগরিকরা ডাকছেন ‘ক্লিকি পন্টিং’ (Clicky Ponting) নামে।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? অভিযোগ সল্টবার্ন ক্রিকেট ক্লাবের অভিজ্ঞ ক্রিকেটার ব্রায়ান ডিভাইনের বিরুদ্ধে। নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম লিগে সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশের বিরুদ্ধে খেলছিল মিডলসবরো ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশ। ম্যাচে অদ্ভুতভাবে আউট হন মিডলসবরোর ব্যাটার সাবির। বল তাঁর ব্যাটের খুব কাছ দিয়ে গেলেও ব্যাটে লাগেনি। কিন্তু ঠিক তখনই এমন একটি শব্দ হয়, যা শুনে মনে হল বল ব্যাটে লেগেছে। সেই শব্দে বিভ্রান্ত হয়ে ফিল্ডাররা ক্যাচের আবেদন করেন। আম্পায়ারও আউট দিয়ে দেন। অবাক হলেও সিদ্ধান্ত মেনে সাজঘরে ফিরতে হয় সাবিরকে।

Advertisement

ব্যাটের খুব কাছ দিয়ে বল গেলেও ব্যাটে লাগেনি। কিন্তু ঠিক তখনই এমন একটি শব্দ হয়, যা শুনে মনে হল বল ব্যাটে লেগেছে।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, বলটি সাবিরের ব্যাটের খুব কাছ দিয়ে গেলেও ব্যাটে লাগেনি। কিন্তু সেই মুহূর্তেই প্রথম স্লিপে দাঁড়ানো এক ফিল্ডার আঙুলে চুটকি বাজান। ফলে এমন শব্দ হয়, যেন বল ব্যাটে লেগেছে। উইকেটরক্ষক জোশ বোয়েস ক্যাচ ধরেই আউটের আবেদন করেন। আম্পায়ারও পত্রপাঠ আউট দেন। রিপ্লেতে দেখা যায়, বল ও ব্যাটের মধ্যে বিস্তর ফাঁক ছিল। এই ঘটনা সামনে আসতেই সল্টবার্ন ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কের জেরে ক্লাব তাদের ওয়েবসাইট থেকে ম্যাচের কয়েকটি স্ট্রিমও সরিয়ে দিয়েছে। পাশাপাশি, বোয়েসের শেষ ৮ ম্যাচে ৩১টি ক্যাচ এবং এক ইনিংসে ৮টি ক্যাচ ধরার রেকর্ড নিয়েও সংশয় প্রকাশ করেছে অনেকে।

Advertisement

মিডলসবরোর অধিনায়ক ররি কটেরিলের দাবি, শুধু ওই একবার নয়, ম্যাচে একাধিকবার তাঁদের ব্যাটারদের সঙ্গে একই রকম প্রতারণা হয়েছে। তিনি বলেন, “আমি নন-স্ট্রাইকান এন্ডে দাঁড়িয়ে অন্তত দু’বার এমন ঘটনা দেখেছি। আমাদের দুই তরুণ ব্যাটার এভাবে আউট হয়েছে। একজনের বয়স ১৫ বছর। আরেকজনের ১৬। কিন্তু মাঠে তখন প্রতিবাদ করার মতো পরিস্থিতি ছিল না। সবকিছু এমনভাবে করা হয়েছিল যে, আম্পায়াররাও বুঝতে পারেননি। তাঁরা বিভ্রান্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা ২৯ রানে হেরেছি।”

ঘটনাটি লিগ কর্তৃপক্ষের নজরেও এসেছে। তাদের বক্তব্য, “দ্বিতীয় ডিভিশন লিগের ম্যাচে এমন একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এমন ঘটনা আমরা আশা করিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনও মন্তব্য করা হবে না।” অভিযোগ সত্যি প্রমাণিত হলে অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। যদিও পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন ডিভাইন। তিনি বলেন, “এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।” তবে ডিভাইনের শাশুড়ি জর্জিয়া ভনের মন্তব্য, “ব্যাপারটা বেশিই মাত্রাছাড়া হয়ে গিয়েছে। ও একজন সৎ মানুষ।”

অভিযোগ সত্যি প্রমাণিত হলে অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

‘ক্লিকি পন্টিং’ নামটি এসেছে ‘ক্লিকি’ শব্দটির সঙ্গে ‘রিকি’ পন্টিংয়ের নামের মিল থেকে। অনেকের মতে, আঙুলের ‘ক্লিক’ শব্দ করে ব্যাটে বল লেগেছে বলে এই নাম। আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগের সঙ্গে ২০০৮ সালের সিডনি টেস্টে রিকি পন্টিংকে ঘিরে হওয়া বিতর্কের মিল পেয়েছেন অনেকে। সেই ম্যাচে স্লিপে মাইকেল ক্লার্কের নেওয়া একটি বিতর্কিত ক্যাচে আম্পায়ার নিশ্চিত না থাকলেও পন্টিং জোর দিয়ে আউটের দাবি করেন। পরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আউট দেওয়া হলে তুমুল বিতর্ক শুরু হয়। সেখানে ফিল্ডারের কথা মেনে নিয়ে আউট দেওয়া হয়েছিল। তাই নতুন এই বিতর্কে ব্যঙ্গ করেই অনেকে অভিযুক্ত ফিল্ডারের নাম দিয়েছেন ‘ক্লিকি পন্টিং’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.