Abrar Ahmed

পাকিস্তানি হয়ে ভারতীয় দলে খেলা! আবরারকে ছাড়পত্র দিতে নারাজ পাক বোর্ড

আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। বিরাট দর পেয়েছেন। কিন্তু পাক বোর্ড সূত্রে খবর, আবরারকে ব্রিটিশ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১২:৫২

options
link
পাকিস্তানি হয়ে ভারতীয় দলে খেলা! আবরারকে ছাড়পত্র দিতে নারাজ পাক বোর্ড
ফাইল ছবি।

পাক স্পিনার আবরার আহমেদকে নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। সূত্রের খবর, ভারতীয় ফ্র্যাঞ্চাইজির হয়ে তারকা স্পিনারকে খেলার অনুমতি দেবে না পাক বোর্ড। আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। যে দলের মালকিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি কাব্য মারান। বিরাট দর পেয়েছেন আবরার। কিন্তু পাক বোর্ড সূত্রে খবর, আবরারকে ব্রিটিশ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না।

Advertisement

আইপিএল বা দ্য হান্ড্রেডের মতো লিগগুলিতে খেলতে গেলে প্রত্যেক ক্রিকেটারকেই নিজের দেশের বোর্ডের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। সেই সার্টিফিকেট আবরারকে দেবে না পাক বোর্ড, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, পাকিস্তানের আরেক স্পিনার উসমান তারিকও দ্য হান্ড্রেডে দল পেয়েছেন। কিন্তু তাঁর এনওসি পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও সমস্যা শুরু হয়নি। প্রশ্ন উঠছে, স্রেফ আবরারকে নিয়ে কেন সংশয়? তিনি ভারতীয় মালিকানাধীন দলে খেলবেন বলেই কি এনওসি দিচ্ছে না পাক বোর্ড?

Advertisement

সূত্র মারফত শোনা যাচ্ছে, দ্য হান্ড্রেড চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। দুই টেস্টের ওই অ্যাওয়ে সিরিজ শুরু হবে হান্ড্রেডের ঠিক আগেই। সেই নিয়েই চলছে জল্পনা। ওয়েস্ট ইন্ডিজ সফরে কি পাক ব্রিগেডের সঙ্গে নিয়ে যাওয়া হবে আবরারকে? সেটা হলে এনওসি পাবেন না আবরার। সেই সম্ভাবনাই প্রবল, এমনটাই জানা গিয়েছে পাক বোর্ড সূত্রে। অনেকে আবার মনে করছেন, পাক বোর্ডের সঙ্গে আবরারের ব্যক্তিগত সম্পর্ক ভালো। হয়তো ছাড়পত্র পেয়ে যাবেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা বেশ কম।

Advertisement

উল্লেখ্য, ভারতীয় মালিকানাধীন দলে কেন পাক স্পিনারকে নেওয়া হল, সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সমাজমাধ্যম। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য। যদিও সানরাইজার্সের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, “আমরা প্রথম থেকেই আবরারকে দলে চেয়েছি। দলের স্ট্র্যাটেজিতে আবরার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আবরারের বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে। বিশেষত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা কেউই আবরারের বোলিং দেখেনি।” কিন্তু এত স্ট্র্যাটেজি করেও শেষ পর্যন্ত কি আবরারকে পাবে লিডস?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.