Shakib Al Hasan

‘ক্যাপ্টেন’ হাসিনার মতো বাংলাদেশ ফিরতে চান শাকিব, লক্ষ্য বিশ্বকাপে খেলা, তবে শর্ত একটাই…

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব এখন শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। কী বলেছেন তিনি?

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৮:৪৪

options
link
‘ক্যাপ্টেন’ হাসিনার মতো বাংলাদেশ ফিরতে চান শাকিব, লক্ষ্য বিশ্বকাপে খেলা, তবে শর্ত একটাই…
শাকিব আল হাসান। ফাইল চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর আবার আলোচনায় আসেন ক্রিকেটার শাকিব আল হাসান। এরপর খবর আসে, মাগুরায় তাঁর শহরের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এসব ঘটনার পরও এখনও দেশে ফেরার আশা ছাড়েননি বাংলাদেশি অলরাউন্ডার। তবে এর জন্য শর্তও বেঁধে দিয়েছেন তিনি। 

Advertisement

শাকিব জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দু’বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে চান। হত্যা মামলা-সহ সব অভিযোগে বিচারের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানান, তিনি কোনও ‘অন্যায় করেননি’। তাই আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় নিজের অবস্থান প্রমাণ করতেই তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব এখন শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন।

Advertisement

টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও তিনি অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলাই তাঁর লক্ষ্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের সংসদ সদস্য ছিলেন শাকিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আমেরিকায় রয়েছেন। এরপর আর দেশে ফেরা হয়নি তাঁর।

Advertisement

শাকিবের কথায়, “সরকার যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি খুশি মনে দেশে ফিরব। আদালতে যেতে হলে যাব, যা যা আইনি প্রক্রিয়া আছে, সবকিছুরই মুখোমুখি হব। কারণ আমি বিশ্বাস করি, আমি কোনও অন্যায় করিনি।” সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে চান। আওয়ামি লিগ নেতাদের নিয়ে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এমন পরিস্থিতিতে শাকিব বলেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। যদি তার আগে ফেরা সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন।

হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, “ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার বিশ্বাস, তাঁরাই ভালো সিদ্ধান্ত নেবেন। আমরা তাঁদের নির্দেশই মেনে চলব।” বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভারচুয়ালি একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন শাকিব। এরপর বাংলাদেশে তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, সংবাদ সম্মেলনে তিনি শুধু ‘শান্তি এবং বাংলাদেশের উন্নতির কথা’ বলেছেন। এজন্য তার কোনও অনুশোচনা নেই।

শাকিব জানিয়েছেন,অন্তর্বর্তী সরকারের সময় তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে তাঁর ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। কিন্তু সে বিষয়ে কোনও উত্তর পাননি। এছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলতে চান বলে জানান শাকিব। এ বিষয়ে মন্তব্য জানতে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.