Vaibhav Sooryavanshi

আইপিএল শেষ হতেই রুপোলি পর্দায় বৈভব! বিস্ময় প্রতিভাকে কোন সিনেমায় নেবেন শেখর কাপুর?

কারও কাছে সে 'বিস্ময় প্রতিভা', কারও কাছে 'বেবি বস'। আইপিএল মাতিয়ে বহু নাম পেয়েছে বৈভব সূর্যবংশী। এবছরের মতো তার আইপিএল অভিযান শেষ। এবার কি সিনেমায় অভিষেক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ২০:৫৪

options
link
আইপিএল শেষ হতেই রুপোলি পর্দায় বৈভব! বিস্ময় প্রতিভাকে কোন সিনেমায় নেবেন শেখর কাপুর?
বৈভব সূর্যবংশী ও শেখর কাপুর। ফাইল ছবি

কারও কাছে সে ‘বিস্ময় প্রতিভা’, কারও কাছে ‘বেবি বস’। আইপিএল মাতিয়ে বহু নাম পেয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবছরের মতো তার আইপিএল অভিযান শেষ। এবার কি সিনেমায় অভিষেক? কিংবদন্তি পরিচালক শেখর কাপুর সোশাল মিডিয়ায় তাঁর নিজের সিনেমায় বৈভবকে নেওয়া নিয়ে একটা জল্পনা উসকে দিলেন। বৈভবকে নিয়ে কি ফের ‘মাসুম’-এর মতো কালজয়ী সিনেমা বানাতে চলেছেন শেখর?

Advertisement

কোয়ালিফায়ার ২-এ গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান রয়্যালস হেরে যাওয়ায় আইপিএল অভিযান শেষ বৈভবের। ফের অল্পের জন্যে সেঞ্চুরি মিস হয়েছে। ম্যাচের পর হাপুস নয়নে কাঁদতে দেখা যায় বিস্ময় প্রতিভাকে। কান্না যে ছোঁয়াচে, তা বৈভবের জন্য ফের প্রমাণিত হল। ফাইনালে দেখা যাবে না তাকে। এক ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। এমন দৃশ্য কেউ কখনও দেখেছে?

Advertisement

সেসব সত্ত্বেও আসলে তো বৈভব বাচ্চাই। মুখে-চোখে এখনও সেই সারল্যের চিহ্ন। মাঠে যতটা বিধ্বংসী, মাঠের বাইরে ততটাই শিশুসুলভ আচরণ করে। সেটা ভুললেই বা চলবে কীভাবে? সেটাকে মাথায় রেখেই শেখর কাপুর লিখেছেন, ‘যদি সূর্যবংশী এরকম অসাধারণ ক্রিকেটার না হত, তাহলে ওকে আমি মাসুম সিনেমায় অভিনয়ের জন্য নিতাম।’ উল্লেখ্য, ১৯৮৩ সালে মুক্তি পায় শেখর কাপুরের বিখ্যাত সিনেমা ‘মাসুম’। যেখানে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি। নাসিরুদ্দিনের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন যুগল হংসরাজ। এবার পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত পরিচালক কি বৈভবকে নিয়ে ‘মাসুম ২’ করতে চলেছেন?

Advertisement

১৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় প্রায় পঞ্চাশ। ৭২টা ছক্কা। চারবার ম্যাচের সেরা। এলিমিনেটরে ৯৭, কোয়ালিফায়ারে ৯৬। অল্পের জন্য সেঞ্চুরি মিস। যেন বৈভবের নয়, এই সেঞ্চুরিগুলো দেশের ক্রিকেট ভক্তরা মিস করেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.