Sher-E-Punjab T20 League

আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা

গুরনূর ব্রার, প্রভসিমরন সিংয়ের মতো তারকারাও সেখানে খেলবেন। যা নিয়ে এখন থেকেই চড়ছে উন্মাদনার পারদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:৫৬

options
link
আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা
অভিষেক শর্মা, শুভমান গিল (বাঁদিক থেকে)। ফাইল ছবি।

আইপিএলের মতোই আরও একটা টি-টোয়েন্টি লিগ। সেই লিগের মার্কি প্লেয়ার হিসাবে রয়েছেন শুভমান গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিংরা। এখানেই শেষ নয়। গুরনূর ব্রার, প্রভসিমরন সিংয়ের মতো তারকারাও সেখানে খেলবেন। যা নিয়ে এখন থেকেই চড়ছে উন্মাদনার পারদ।

Advertisement

এবারই প্রথম শুরু হতে চলেছে ‘শের-ই-পঞ্জাব টি-২০ লিগ’ (Sher-E-Punjab T20 League)। আর প্রথম বছরেই প্রতিযোগিতার ক্রিকেটারের তালিকা দেখে খুশিতে টগমগ সমর্থকরা। ফাজিলকা লায়ন্সের হয়ে খেলবেন শুভমান। আর অভিষেক নামবেন অমৃতসর সুরমাজের জার্সিতে। পঞ্জাব ক্রিকেট সংস্থার লক্ষ্য, রাজ্যের ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের তারকাদের একই মঞ্চে নিয়ে আসা। তাদের আশা, এই প্রতিযোগিতা থেকে উঠে আসবেন আগামী দিনের একাধিক প্রতিভাবান ক্রিকেটার।

Advertisement

শুধু শুভমান-অভিষেক নন, লিগে রয়েছেন ভারতীয় ক্রিকেটের আরও কয়েকটি পরিচিত নাম। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং খেলবেন মোহালি কিংসের হয়ে। অর্শদীপ সিং রয়েছেন লুধিয়ানা লায়ন্সে। জলন্ধর ওয়ারিয়র্সের দলে প্রভসিমরন সিং এবং ভাটিন্ডা রয়্যালসে গুরনূর ব্রার। ৩০ অগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ছ’টি দল মিলিয়ে মোট ২৭টি ম্যাচ হবে। ওই সময়ে ভারতীয় দলের সূচিতে খুব বেশি ম্যাচ না থাকায় শুভমান, অভিষেকদের লিগে খেলতে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।

Advertisement

লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। তিনি তখন শ্রীলঙ্কায়। ১৫ আগস্ট থেকে সেখানেই শুরু হওয়ার কথা ভারতের টেস্ট সিরিজ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভমন বলেন, “পঞ্জাব বরাবরই ভারতকে দুর্দান্ত ক্রিকেটার দিয়েছে। আমি বিশ্বাস করি, এই লিগ থেকে আরও অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে।” এই লিগে প্রতিটি দলে থাকবেন একজন মার্কি ক্রিকেটার এবং অন্তত দু’জন আইকন প্লেয়ার।

একটি দল সর্বাধিক ৪৫ লক্ষ টাকা খরচ করতে পারবে। সেই অর্থের মধ্যেই সর্বাধিক ২০ জনের দল গড়তে হবে। অর্থের সীমা যেমন রাখা হয়েছে, তেমনই তারকারাও নাম লিখিয়েছেন। ফলে শুরু হওয়ার আগেই ‘শের-ই-পঞ্জাব টি-২০ লিগ’ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। শুভমান, অভিষেকদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পঞ্জাবের উঠতি ক্রিকেটারদের কাছে যে বড় অভিজ্ঞতা হতে চলেছে, তা বলাই যায়। প্রথম বছরেই তাই নজর থাকবে এই নতুন টি-টোয়েন্টি লিগের দিকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.