Team India

বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড

ভারতীয় ক্রিকেটাররা বারবার চোট পাওয়ায় তাঁর কাজ নিয়ে গত কয়েক মাস ধরেই প্রশ্ন উঠছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:১৪

options
link
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
গৌতম গম্ভীরের সঙ্গে অজিত আগরকর। ফাইল ছবি।

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি বৃহস্পতিবার থেকেই শুরু করে দিয়েছে ভারত। দিল্লিতে প্রথম দিনের অনুশীলনে হাজির ছিলেন ১০ জন ক্রিকেটার। শুক্রবারের মধ্যে বাকিদেরও যোগ দেওয়ার কথা। তার মধ্যেই বিসিসিআইয়ের অন্দরে বড় সিদ্ধান্ত। দলের ফিজিও কমলেশ জৈনকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। ইতিমধ্যেই তিনি ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন বলে খবর।

Advertisement

ভারতীয় ক্রিকেটাররা বারবার চোট পাওয়ায় কমলেশের কাজ নিয়ে গত কয়েক মাস ধরেই প্রশ্ন উঠছিল। দলের কোচিং স্টাফের মধ্যেও অসন্তোষও ক্রমশ বাড়ছিল। গত ৬ থেকে ৮ মাস ধরে তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছিল বলে খবর। ক্ষোভ তৈরি হয়েছিল কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যেও। ঘন ঘন চোটের কারণে আগামী ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনাতেও সমস্যা তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত কমলেশকে সরানোর সিদ্ধান্ত নিল বোর্ড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “কমলেশের নোটিস পিরিয়ড চলছে। এশিয়ান গেমসে যে ভারতীয় দল খেলবে, আফগানিস্তানের বিরুদ্ধেও মূলত সেই দলই নামবে। তবে এশিয়ান গেমস পর্যন্ত ফিজিও এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের পদে কোনও পরিবর্তন করা হবে না।” এ হেন কমলেশ দিল্লিতে ভারতীয় দলের সঙ্গে নেই বলে খবর। এ দিকে ভারতীয় শিবিরে এখনও যোগ দেননি পেস বোলিং কোচ মর্নি মর্কেল। শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন তিনি। তাঁর ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতেই এই সমস্যা। বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, “মর্কেলের ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন ভিসার আবেদন করার জন্যই ওকে দেশে ফিরতে হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ভিসা সংক্রান্ত সমস্যা মিটে যাবে। কয়েক দিনের মধ্যেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।”

চোট সারিয়ে দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর। বৃহস্পতিবার অনুশীলনও করেছেন তিনি। আফগানিস্তান সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেন জশপ্রীত বুমরাহ এবং নীতীশ রেড্ডিও। শুক্রবার তাঁদের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা। দলীপ ট্রফির ফাইনালে খেলা ঈশান কিষান, বৈভব সূর্যবংশী এবং তিলক বর্মাও শুক্রবার যোগ দিতে পারেন। প্রথম দিনের অনুশীলনে স্পিনারদের নিয়েও বিশেষ নজর ছিল গম্ভীরের। একটি স্টাম্প রেখে বেশ কিছুক্ষণ বল করানো হয় ওয়াশিংটন এবং বরুণ চক্রবর্তীকে। তাঁদের বোলিং খুঁটিয়ে দেখেন গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।

চোটগ্রস্ত শুভমান গিলের সঙ্গে কমলেশ জৈন। ফাইল ছবি।

হর্ষিত রানার পরিবর্তে দলে ঢোকা যশ ঠাকুরও অনুশীলন করেন। প্রথম দিনের শিবিরে ছিলেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই। প্রায় ৪৫ মিনিট নেটে ব্যাট করেন অভিষেক। সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও নেটে তাঁকে বেশ সাবলীল দেখিয়েছে। বিষ্ণোই, বরুণ এবং দিল্লির স্পিনার হৃতিক শোকিনের বলে বেশ কয়েকটি আগ্রাসী শট খেলেন তিনি। তবে এই মুহূর্তে শিরোনামে কমলেশ জৈন। চার বছর পর টিম ইন্ডিয়া থেকে সরে যাচ্ছেন তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.