সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান! এক যুগ পর ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবোয়ে। আফগানিস্তানকে এক ইনিংস ৭৩ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার এই দেশ।
এর আগে ২০১৩ সালে ঘরের মাঠে টেস্ট জিতেছিল জিম্বাবোয়ে। সেই বছর পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছিল তারা। এরপর টেস্ট জয়ের মুখ দেখেনি দেশটি। অবশেষে এক যুগ পর সেই খরা কাটল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সাদা পোশাকে ‘বিরল’ জয়ের স্বাদ পেল ক্রেইগ আরভিনের দল।
প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ব্র্যাড ইভান্স এবং ব্লেসিং মুজারাবানির বোলিংয়ের সামনে ভেঙে পড়েন আফগান ব্যাটাররা। ইভান্স নেন ২২ রানে ৫ উইকেট। মুজারাবানি ফেরান তিন আফগান ব্যাটারকে। জবাবে ব্যাট করতে নেমে ৩৫৯ রান তোলে জিম্বাবোয়ে। বেঞ্জামিন জ্যাক কারেন ১২১ রান করেন। সিকান্দার রাজা ৬৫ রানের ইনিংস খেলেন। ২৩২ রানের বড় লিড পায় জিম্বাবোয়ে।
দ্বিতীয় ইনিংসেও হাল ফেরেনি আফগানিস্তানের ব্যাটিংয়ে। ইব্রাহিম জাদরান (৪২) এবং বাহির শাহ (৩২) ছাড়া আর কোনও আফগান ব্যাটার বলার মতো কিছু করতে পারেননি। জিম্বাবোয়ের রিচার্ড নাগারভা ৩৭ রানে ৫ উইকেট শিকার করেন। মুজারাবানি দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নেন। শেষমেশ আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে সেই জয়খরা কাটাল জিম্বাবোয়ের।
উল্লেখ্য, ২৪ বছর পর টেস্ট ইতিহাসে তৃতীয়বার ইনিংস ব্যবধানে জয় পেল জিম্বাবোয়ে। ২০০১ সালে বুলাওয়েতে বাংলাদেশকে হারিয়েছিল তারা। ১৯৯২ সালে টেস্ট আঙিনায় পা রাখে জিম্বাবোয়ে। সব মিলিয়ে ১২৯টি টেস্ট খেলে ১৫টি জয় পেয়েছে রোডেশিয়ানরা।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা