Diego Maradona

‘মারাদোনার মৃত্যু এক ধরনের আত্মহত্যাই’, বিস্ফোরক দাবি কিংবদন্তির প্রাক্তন ডাক্তারের

আগেও আত্মহননের চেষ্টা করেছিলেন দিয়েগো, গোটা বিশ্বকে স্তম্ভিত করে জানালেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২০, ২২:১৬

options
link
‘মারাদোনার মৃত্যু এক ধরনের আত্মহত্যাই’, বিস্ফোরক দাবি কিংবদন্তির প্রাক্তন ডাক্তারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের সোনার ফুটবল কেরিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। আর ফুটবল-ঈশ্বরের বিদায়বেলাতেও বিতর্ক পিছু ছাড়ল না। হৃদরোগে আক্রান্ত হয়ে মারাদোনার আকস্মিক প্রয়াণ এক ধরনের আত্মহত্যা ছিল। হ্যাঁ, ঠিক এমনই বিস্ফোরক দাবি করে বসলেন কিংবদন্তি ফুটবলারের প্রাক্তন ডাক্তার আলফ্রেডো কাহে।

Advertisement

১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বকাপজয়ী ফুটবলারের ডাক্তার ছিলেন আলফ্রেডো। এক সাক্ষাৎকারে আলফ্রেডো বললেন, “দিয়েগোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে দিয়েগো মানসিক অবসাদে ভুগছিল। ও নাকি ঠিক মতো খাওয়া–দাওয়া করত না। ওষুধ খেতে চাইত না। ঘরবন্দি হয়ে থাকত। কারওর সঙ্গে দেখা করত না। দিয়েগোর মৃত্যুর কয়েকদিন আগেই ওর প্রাক্তন বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনলাম দিয়েগো নাকি ভেরোনিকাকে বারবার বলত ও আর বাঁচতে চায় না। আমার কাছে দিয়েগোর মৃত্যু তাই আত্মহত্যাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উইলিয়ামসের অনবদ্য গোলের সৌজন্যে সুনীল ছেত্রীদের হারাল এটিকে মোহনবাগান]

এখানেই থামেননি আলফ্রেডো। গোটা বিশ্বকে স্তম্ভিত করে যিনি জানালেন ২০০৭-এও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল-ঈশ্বর। আলফ্রেডো বললেন, “২০০৭-এ কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিল দিয়েগো। বড়সড় দুর্ঘটনা হয়নি। পরে দিয়েগোকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে দিয়েগো আমায় বলেছিল, হ্যাঁ আজ পারলাম না তবে ভবিষ্যতে আবার চেষ্টা করব।” কথাগুলো বলতে বলতে আবেগ ধরে রাখতে পারেননি আলফ্রেডো। যিনি অঝোরে কাঁদতে শুরু করেন।

Advertisement

আলফ্রেডোর বিশ্বাস হচ্ছে না তাঁর প্রিয় দিয়েগো আর নেই। তাই তো মারাদোনার ডাক্তার লিওপল্ডো লুকের বিরুদ্ধে তোপ দাগলেন আলফ্রেডো। বললেন, “কোনও সন্দেহ নেই দিয়েগোর চিকিৎসায় গাফিলতি ছিল। আমি বুঝতে পারছি না মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে কী ভাবে দিয়েগোকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হল। ওকে হাসপাতালে রাখা উচিত ছিল। ডাক্তারের পর্যবেক্ষণে থাকলে দিয়েগো ঠিক মানসিক অবসাদ কাটিয়ে উঠত। এর থেকেই প্রমাণ পাওয়া যায় লিওপল্ডো ডাক্তার হিসাবে ঠিক কতটা অনভিজ্ঞ।”

[আরও পড়ুন: ১০ নয়, আগামী বছর আট দলের আইপিএলেই সিলমোহর দিতে চলেছে বোর্ড!]

ঘটনাক্রমে মারাদোনার মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল লিওপল্ডোকে। যাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তোলে মারাদোনার পরিবার। তবে এমন বিতর্কিত আবহেও লিওপল্ডোর পাশে দাঁড়ালেন মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা। যিনি বললেন, “দিয়েগোকে সুস্থ করে তুলতে সব রকমের চেষ্টা করেছে লিওপল্ডো। তাই লিওপল্ডোর বিরুদ্ধে এমন খারাপ অভিযোগ তোলা উচিত নয়।” তবে মারাদোনার আইনজীবী যা-ই বলুন না কেন, আর্জেন্টাইন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যদি দেখা যায় চিকিৎসার গাফিলতিতেই ফুটবল-ঈশ্বরের মৃত্যু হয়েছে তবে বড় শাস্তির মুখে পড়বেন লিওপল্ডো!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.