স্টাফ রিপোর্টার: মোহনবাগানে খেলার জন্য শহরে চলে এলেন ডারেল ডাফি৷ অনুশীলনে নামবেন মঙ্গলবার সকাল থেকে৷
এক সপ্তাহের উপরে সবুজ-মেরুনের অনুশীলন শুরু হয়ে গেলেও, কোনও বিদেশি হাতে পাননি কোচ শঙ্করলাল চক্রবর্তী৷ ফিজিও গার্সিয়াও অনুশীলন শুরু করে দিয়েছেন বৃহস্পতিবার থেকে৷ কিন্তু কলকাতা লিগে যে বিদেশি ফুটবলাররা খেলবেন, তাঁদের এখনও পর্যন্ত ফিটনেস ট্রেনিং করানোর সুযোগ পাননি৷ তাই মঙ্গলবার অনুশীলনে নেমে পড়বেন ডাফি৷
এবার কলকাতা লিগকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না, অনেক আগেই জানিয়ে দিয়েছিল মোহনবাগান৷ যে কারণে বিশ্রামের জন্য কলকাতা লিগ থেকে সঞ্জয় সেন নিজেকে সরিয়ে রেখেছেন৷ যদিও রোজই অনুশীলনে এসে কলকাতা লিগের ঘোষিত কোচ শঙ্করলাল চক্রবর্তীর সঙ্গে আলোচনা করছেন লিগের দল নিয়ে৷ এতদিন ধরে ট্রায়াল নিয়ে ২৫ জন ফুটবলারকে বেছে নিয়েছেন শঙ্করলাল৷ যার মধ্যে জেজের ভাই সিএল রুলতাও রয়েছেন৷ এবার দরকার শুধু বিদেশি৷
অনেকে বলেন, গত দু’বছর ধরে মোহনবাগানের এই সাফল্যের পিছনে অন্যতম কারণ গার্সিয়ার মতো ফিজিওর দলে থাকা৷ সেই গার্সিয়া বলছিলেন, “সবে তো এক সপ্তাহ হল৷ মঙ্গলবার সকালে একটা অনুশীলন ম্যাচও খেলব৷ লিগ শুরুর আগে হাতে দু’সপ্তাহ সময়ও পাব৷ তারমধ্যে নিশ্চয়ই সবাইকে তৈরি করে নিতে পারব৷” এদিকে, সকালে কলকাতায় পা দিয়েই মোহনবাগানের নতুন বিদেশি স্ট্রাইকার ডারেল ডাফি বললেন, “তিন বছর সালগাঁওকরে খেলেও আই লিগ পাইনি৷ এবার তাই আই লিগ জেতার স্বাদ পেতে চাই৷ সেই জন্যই বাগানে সই করার সিদ্ধান্ত নিলাম৷” সালগাঁওকরে খেলার সময় দর্শক থেকে শুরু করে অন্য কোনও ব্যাপারে সেরকম কোনও চাপ অনুভব করতে হত না৷ এখানে সমর্থক থেকে শুরু করে মিডিয়ার চাপ৷ পারবেন সফল হতে? ডাফি বললেন, “কোনও চাপই আমার জন্য চাপ নয়৷ রেঞ্জার্সে খেলার সময় প্রচুর দর্শকের সামনে খেলতাম৷ তাই বেশি
দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে৷”
মঙ্গলবার সকালে পিয়ারলেসের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলবে মোহনবাগান৷ যে দলে আবার সই করে অনুশীলন শুরু করে দিয়েছেন রহিম নবি৷
সর্বশেষ খবর
-
গাইঘাটায় নাবালিকার রহস্যমৃত্যু! স্থানীয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?