মুম্বইকে উড়িয়ে দিয়ে আই লিগ অভিযান শেষ ইস্টবেঙ্গলের

দলের ঝুলিতে এখন ৩৩ পয়েন্টে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০১৭, ১৫:৩৮

options
link
মুম্বইকে উড়িয়ে দিয়ে আই লিগ অভিযান শেষ ইস্টবেঙ্গলের

মুম্বই এফসি-০

Advertisement

ইস্টবেঙ্গল- ৪ (বিকাশ, প্লাজা-২, ওয়েডসন)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আশ্চর্য পরিস্থিতি৷ দল নামছে আই লিগের ম্যাচে৷ অথচ লক্ষ্য ফেডারেশন কাপের দল তৈরি করা৷ মুম্বই এফসি ম্যাচটা শুধু নাম কে ওয়াস্তে৷ বিষয়টা কিছুটা হাফ ইয়ার্লি পরীক্ষায় কোনও সাধারণ ছাত্রর মানসিকতার মতো৷ সে জানে পাস মার্ক উঠে গিয়েছে৷ তাই টেনশন নেই৷ আবার ক্লাসে স্ট্যান্ড পাবে না, তা জানা থাকায় বাড়ির বড়রা আপাতত অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতিতে জোর দিতে বলেছেন৷

Advertisement

[বিশেষ সম্মান, এবার ইডেনে শহিদ জওয়ানদের নামে তৈরি হল ৪টি স্ট্যান্ড]

ওয়েডসন, প্লাজাদের কাছে মুম্বই ম্যাচের গুরুত্বটা ছিল একটু অন্যরকম৷ ফেড কাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখা হচ্ছিল এই ম্যাচকে৷ দিনের শেষে যে পরীক্ষায় ভালভাবেই উত্তীর্ণ হলেন ফুটবলাররা৷ মুম্বইয়ের ঘরের মাঠেই মুম্বইকে পরাস্ত করল লাল-হলুদ ব্রিগেড৷ প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় দল৷ দ্বিতীয়ার্ধে আরও দুবার মুম্বইয়ের রক্ষণ ভেদ করতে সফল হল ওয়েডসনরা৷ ম্যাচের ৭ মিনিটেই বাঁ-পায়ের দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন বিকাশ জাইরু৷ শুধু গোল করলেনই না, দ্বিতীয়ার্ধে ওয়েডসনের গোলের নেপথ্যেও ছিলেন তিনি৷ জোড়া গোল করে দলকে বড় ব্যবধানে জেতাতে বড় ভূমিকা নেন ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার উইলস প্লাজা৷ দলের ঝুলিতে এখন ৩৩ পয়েন্ট৷ রবিবার যদি চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগান কোনও গোল না করে পরাস্ত হয়, সেক্ষেত্রে রানার্স আপ তকমা নিয়ে এবারের আই লিগ শেষ করবে ইস্টবেঙ্গল৷ তবে এদিন জিতেও ফুটবলারদের চোখে-মুখে তেমন উচ্ছ্বাস কোথায়! আসলে এবারও যে আই লিগ হাতছাড়া হয়ে গিয়েছে, সেই সত্যিকে ইতিমধ্যেই মেনে নিয়েছেন তাঁরা৷ তবে এই ম্যাচ নিয়ে অন্য চিন্তা ছিল লাল-হলুদের থিঙ্ক ট্যাঙ্কের৷ যাঁদের ভূমিকা সেই সাধারণ ছাত্রর বাড়ির বড়দের মতো৷ মনোরঞ্জন, ভাস্কর, রঞ্জনরা রিজার্ভ বেঞ্চও ঝালিয়ে নিলেন৷

[জানেন, আইপিএল-এ কী কী রেকর্ড গড়েছে কেকেআর?]

আগামী সপ্তাহে শুরু মরশুমের শেষ প্রতিযোগিতা ফেডারেশন কাপ৷ সেই টুর্নামেন্টে জিতলে যে সমর্থকদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে, তা বেশ ভালভাবেই জানেন তাঁরা৷ খুব সম্ভবত ফেডারেশন কাপে থাকবে না অনূধর্ব ২২ ফুটবলার খেলানোর ফতোয়া৷ তাই অবিনাশ বা নিখিলের বদলে বিকাশদের খেলিয়ে ছিলেন এদিন৷ যিনি কর্মকর্তাদের মন জয় করতে সফল হলেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.