East Bengal

ডার্বির হার অতীত, ডুরান্ডে টিকে থাকার লড়াইয়ে ইস্টবেঙ্গল

পরের পর্বে যাওয়ার জন্য এই দুই ম্যাচে তিন পয়েন্টের পাশাপাশি গোলপার্থক্যও বাড়িয়ে নিতে হবে লাল-হলুদকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২১:০০

options
link
ডার্বির হার অতীত, ডুরান্ডে টিকে থাকার লড়াইয়ে ইস্টবেঙ্গল
সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ। ছবি ইস্টবেঙ্গল সোশাল মিডিয়া।

মরশুম শুরু হয়েছে হার দিয়ে। তাও আবার ডার্বিতে, মোহনবাগানের কাছে। ফলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ ‘মরণবাঁচন’ ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য। পরের পর্বে যাওয়ার জন্য এই দুই ম্যাচে তিন পয়েন্টের পাশাপাশি গোলপার্থক্যও বাড়িয়ে নিতে হবে লাল-হলুদকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও পয়েন্ট টেবিলে অ্যাডভান্টেজ পেতে পারে তারা।

Advertisement

আর এসব অঙ্ক বিলক্ষণ জানেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই ডার্বিতে সম্পূর্ণ ভারতীয় একাদশ নামালেও দ্বিতীয় ম্যাচে সেই পথে হাঁটছেন না তিনি। বরং দুই বিদেশি দানি র‌্যামিরেজ ও মহম্মদ রশিদকে রেখেই ছক কষছেন হাবাস। শুক্রবার সন্ধ্যায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সামনে সিআইএসএফ প্রোটেক্টরস।

Advertisement
East Bengal in practice session ahead of Durand Clash against CISF Protectors
মহড়ায় মশাল ব্রিগেড। ছবি ইস্টবেঙ্গল সোশাল মিডিয়া।

নিজেদের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরেছে তারা। তবে সিআইএসএফের এই দলটা সর্বভারতীয় পুলিশ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন। প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার রাস্তায় হাঁটছেন না হাবাস। ডার্বির দল থেকে বাদ পড়ছেন রোহিত কুমার, রোহিত দানু, জয় গুপ্তা, বিপিন সিং, ডেভিডের মতো ফুটবলাররা।

Advertisement

তাঁদের বদলে দুই বিদেশি ছাড়াও ঢুকছেন পিভি বিষ্ণু, জেসিন টিকে এবং নরেন্দর গেহলত। নাচো মনসালভে থাকছেন রিজার্ভ বেঞ্চে। লাল-হলুদের অন্য দুই বিদেশি– ক্রিস ইকোনোমেডিস এবং এফিয়ং ভিসা সমস্যা মিটিয়ে কবে শহরে আসছেন, তা এখনও স্পষ্ট নয়।

আজ ডুরান্ড কাপে
ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ
সন্ধ্যা ৭.৩০, কিশোরভারতী
সোনি স্পোর্টস নেটওয়ার্ক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.