সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া ময়দানে। প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। চিন্ময় চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।
জানা গিয়েছে, প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায় রহড়ায় নিজের বাড়িতেই থাকতেন। এদিন দুপুরে সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেসময় বাড়িতে ছিলেন কেবলমাত্র তাঁর ছেলে। স্ত্রী রয়েছেন বেঙ্গালুরুতে মেয়ের কাছে রয়েছেন। এদিকে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, ”বিশিষ্ট ফুটবলার চিন্ময় চ্যাটার্জির প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ রহড়ার বাড়িতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। চিন্ময়বাবু দীর্ঘদিন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাব ছাড়াও জাতীয় দলে রাইট সাইড ব্যাক ও স্টপার হিসাবে খেলেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেছে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি চিন্ময় চ্যাটার্জির আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
[আরও পড়ুন: Tokyo Olympics: পদক না পাওয়া বাকি ৮৬ জন ভারতীয় অ্যাথলিটের কথা ও কাহিনি]
ফুটবল জীবনে ইস্টবেঙ্গলে দীর্ঘ চারবছর সুনামের সঙ্গে খেলেন তিনি। দু বছর সাদা-কালোয় কাটিয়ে ফের লাল-হলুদে ফিরে আসেন তিনি। ১৯৮২ সালে অমল দত্তের কোচিংয়ে খেলেন লাল-হলুদে। পরবর্তীতে খেলা ছাড়ার পর পিকে বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপার সহকারী কোচ হিসেবে ইস্টবেঙ্গলে কোচিং করান চিন্ময়। শ্যামল ঘোষের সঙ্গে জুটি বেঁধেও কোচিং করান তিনি। ৫ বছর ইস্টবেঙ্গলের সহকারী কোচও ছিলেন। মনোরঞ্জন ভট্টাচার্য, সুধীর কর্মকারদের সঙ্গে রক্ষণে খেলতেন চিন্ময় চট্টোপাধ্যায়। তখনকার দিনে ওভারল্যাপে উঠে এসে গোল করায় দক্ষ ছিলেন তিনি। ইস্টবেঙ্গল-মহমেডানে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন চিন্ময়। বাংলাকে সন্তোষ চ্যাম্পিয়ন করানো চিন্ময় ১৯৭৮ সালে ব্যাঙ্ককে এশিয়াডও খেলেন। এছাড়া ১৯৮১ সালে মহমেডান স্পোর্টিংয়ের হয়ে কলকাতা লিগ জিতেছিলেন। দীর্ঘকায় এই প্রাক্তন ডিফেন্ডারের প্রয়াণে শোকের ছায়া ময়দানে। তাঁর দীর্ঘদিনের বন্ধু বিদেশ বসু, মানস ভট্টাচার্যদেরও মন খারাপ।
[আরও পড়ুন: India vs England: ব্যাটসম্যানদের আউট করেই কেন মুখে আঙুল রেখে সেলিব্রেশন? জানালেন Siraj]
সর্বশেষ খবর
-
সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী
-
পোস্টে সাম্প্রদায়িক উসকানি মহুয়ার! তলব ডায়মন্ড হারবার পুলিশের, গ্রেপ্তার হবেন সাংসদ?
-
ফরাক্কা রেললাইনে বিরাট ধস, আজ রাতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন বাতিল! আর কী জানাল রেল?
-
ভারতে অনুপ্রবেশ! জম্মুতে গ্রেপ্তার পাক যুবক, উপত্যকায় বড় ষড়যন্ত্র?
-
সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা