FIFA World Cup 2026

‘সহজতম’ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে সেমিফাইনালে আর্জেন্টিনা! কী বলছেন স্কালোনি?

এই প্রথমবার ফুটবল ইতিহাসের বিরল রেকর্ডের সাক্ষী হতে চলেছে বিশ্বকাপ। শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৬:০৩

options
link
‘সহজতম’ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে সেমিফাইনালে আর্জেন্টিনা! কী বলছেন স্কালোনি?
সেমিফাইনালে আর্জেন্টিনা। ছবি সংগৃহীত।

১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভেঙে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। সামনে ইংল্যান্ড। এই প্রথমবার ফুটবল ইতিহাসের বিরল রেকর্ডের সাক্ষী হতে চলেছে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। তবে ফুটবল বিশ্বকাপে সব দল একই রকম পথ পেরিয়ে সেমিফাইনালে ওঠে না। কে কতটা ‘দুর্বল’ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে, তা নিয়ে অনেকের মনেই ভিন্নমত থাকে। কেউ কেউ মনে করছেন, তুলনায় কমজোরি দলের বাধা পেরিয়ে শেষ চারে উঠেছে আকাশি-সাদা ব্রিগেড।

Advertisement

সুবিধাজনক সূচি। একের পর এক ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের ‘সুফল’। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার উপর ফুটবল ঈশ্বর যেন একটু বেশিই সদয়! অন্তত নিন্দুকদের তেমনটাই দাবি। যা নিয়ে সোশাল মিডিয়ায় কটাক্ষ-কুকথাও কম শুনতে হচ্ছে না আর্জেন্টিনার ফুটবলারদের। তবে বিশ্বকাপের মতো আসরে, বিশেষ করে নকআউট পর্যায়ে কোনও দলই দুর্বল থাকে না। গ্রুপ পর্ব পেরিয়ে আসার পর প্রতিটি ম্যাচেই স্নায়ুর চাপ থাকে সমান। সেখানে সেয়ানে সেয়ানে লড়াই হবে, সেটাই কাম্য। এবং সেটাই দেখা গিয়েছে নকআউটে।

Advertisement

FIFA World Cup 2026: Julian Alvarez scored against Switzerland

Advertisement

যেমন রাউন্ড অফ ৩২-এর ম্যাচ। ফিফার ক্রমতালিকায় ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দে স্পেনের যাবতীয় আক্রমণ প্রতিরোধ করে লাইমলাইটে এসেছিল আফ্রিকার ‘পুঁচকে’ দেশটি। কে ভেবেছিল ভোজিনহা-কাব্রালরা উরুগুয়েকেও আটকে দেবেন? তাঁরাই প্রবল চাপে রেখেছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-৩ ব্যবধানে হেরেও মন জয় করে নিয়েছে তারা। এখন লোকের মুখে মুখে কেপ ভার্দের নাম। এবার আসা যাক মিশরের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে। ৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়েছেন মেসিরা।

আর্জেন্টিনার কাছে হার মেনে নিতে পারেনি র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা মিশর। মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। মহম্মদ সালাহদের দলের দাবি, আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করেছেন রেফারি। তাঁদের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিও তুলেছে মিশর। এমনকী ফিফার কাছে অভিযোগও জানিয়েছে ফেডারেশন। যদিও সেই অভিযোগ একেবারে ফুৎকারে উড়িয়ে দেন ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইগি কোলিনা। সাফ জানিয়ে দিলেন, ফিফা রেফারিদের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ আনতে পারেন না কেউই।

FIFA World Cup 2026: Julian Alvarez scored against Switzerland in Extra Time

এবার কোয়ার্টার ফাইনাল। নকআউটের প্রথম দুই রাউন্ডেই হোঁচট খেতে খেতে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডও ছাড়েনি ‘লা আলবিসেলেস্তে’কে। মনে রাখতে হবে ক্রমতালিকায় চতুর্দশে থাকা ‘রসসোক্রসিয়াতি’ ব্রিগেড প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল ১১ নম্বরে থাকা কলম্বিয়াকে। এই ম্যাচেও আর্জেন্টিনা সমর্থকদের রীতিমতো হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন সুইস ফুটবলাররা। অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ এবং লটেরো মার্টিনেজ গোল করে সুইস রক্ষণ ভেদ না করলে কী হত বলা মুশকিল।

ম্যাচ শেষে স্কালোনি স্বীকার করেন, তাঁর দলকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, “সত্যি বলতে আজ আমাদের বেশ ভুগতে হয়েছে। আমরা জানতাম ওরা শারীরিকভাবে খুবই শক্তিশালি দল। আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। যেখান থেকে বেরিয়ে আসা সহজ ছিল না।” আর্জেন্টিনা কোচ আরও জানান, ম্যাচের ভাগ্যও তাদের পক্ষে ছিল। তাঁর কথায়, “তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পর আমরা আরও বেশি আক্রমণে যাওয়ার সুযোগ পেয়েছি।” তবে সেমিফাইনাল নিশ্চিত হলেও আত্মতুষ্ট নন স্কালোনি। তিনি মনে করিয়ে দেন, দলের এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। “আমাদের বাস্তববাদী হতে হবে। এখনও অনেক কিছু উন্নতি করার আছে। সেই বিষয়গুলো বিশ্লেষণ করা সবসময়ই ভালো,” বলেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.