ASEAN Cup

ভারত সরে দাঁড়াতেই খুলে গেল ভাগ্যের দরজা! আশিয়ান কাপ খেলবে বাংলাদেশ

ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় শেষ পর্যন্ত নাম সরিয়ে নেয় 'মেন ইন ব্লু'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৭:০১

options
link
ভারত সরে দাঁড়াতেই খুলে গেল ভাগ্যের দরজা! আশিয়ান কাপ খেলবে বাংলাদেশ
সতীর্থদের সঙ্গে বাংলাদেশের হামজা চৌধুরী (ডানদিকে)। ফাইল ছবি।

ভারত সরে দাঁড়াতেই খুলে গেল ভাগ্যের দরজা! প্রথম ফিফা আশিয়ান কাপে এবার বাংলাদেশের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। আশিয়ান কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছিল, সুযোগ তৈরি হলে বাংলাদেশের কথা যেন ভাবা হয়। ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতেই সেই সুযোগ এল। বাংলাদেশ পেল আমন্ত্রণ।

Advertisement

কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য আশিয়ান কাপে যাবে না ভারতীয় দল। গত বৃহস্পতিবার এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানান, একই সময়ে দু’টি প্রতিযোগিতায় দল নামানো সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত। তাঁরা ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ নিয়ে অনেক বেশি আগ্রহী। সেই কারণেই আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। ৩ অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। একই সঙ্গে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপে অংশ নেওয়ার কথা ছিল ব্লু টাইগার্সদের। দু’টি ক্ষেত্রে সূচি মিলে যাওয়ায় এহেন সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। এই পরিস্থিতিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

আমন্ত্রণ আসার পর আর দেরি করেনি বাংলাদেশ ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটি (এনটিসি) এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই বিষয়ে একটি অনলাইন বৈঠক ডেকেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হয়, আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। অর্থাৎ সেপ্টেম্বর উইন্ডোয় হামজা চৌধুরীদের জন্য ফিফা ফ্রেন্ডলি আয়োজনের যে পরিকল্পনা চলছিল, আপাতত তাতে ইতি টানতে হচ্ছে। জানা গিয়েছে, বৈঠকে আলোচনার বিষয়ও ছিল একটিই। চার জাতি টুর্নামেন্ট আয়োজন, নাকি আশিয়ান কাপে অংশগ্রহণ? সকলেই আশিয়ানে খেলার ব্যাপারে মত দেন। এনটিসি সদস্য সৈয়দ হাসান কানন বলেন, “একটি অ্যাজেন্ডা নিয়েই অনলাইন সভা হয়েছিল। সবাই আশিয়ান কাপে খেলার পক্ষে মত দিয়েছেন।”

Advertisement

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, ফিফার এই আন্তর্জাতিক উইন্ডোয় হওয়ার কথা আশিয়ান কাপ। আমন্ত্রিত দল হিসেবে ভারতকে রাখা হয়েছিল ডিভিশন ওয়ানের গ্রুপ ‘এ’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে। ভারতের জায়গায় বাংলাদেশ ঢুকলে সেই গ্রুপই বহাল থাকবে, নাকি নতুন করে গ্রুপ বিন্যাস হবে, এখন সেটাই দেখার। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপিন্স। এই টুর্নামেন্টে পাকিস্তানেরও জায়গা হয়েছে শেষ মুহূর্তে। চিন নাম প্রত্যাহার করায় তাদের সুযোগ আসে। দক্ষিণ এশিয়া থেকে শুরুতে অতিথি দল হিসাবে শুধু ভারতকেই আমন্ত্রণ জানিয়েছিল আশিয়ান। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় শেষ পর্যন্ত নাম সরিয়ে নেয় ‘মেন ইন ব্লু’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.