India women football team

হায় রে ভারতীয় ফুটবল! বিশ্বকাপের লক্ষ্যে নামছে দল, ম্যাচের আগে ছোট মাপের জার্সি পাঠাল ফেডারেশন

আগামী বছর ব্রাজিলে মহিলাদের বিশ্বকাপ। সেখানে খেলা থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভারত। পুরুষ দলের কাছে যেটা স্বপ্ন, সেটা বাস্তব করার খুব কাছে পৌঁছে গিয়েছে মহিলা দল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১০:৩৫

options
link
হায় রে ভারতীয় ফুটবল! বিশ্বকাপের লক্ষ্যে নামছে দল, ম্যাচের আগে ছোট মাপের জার্সি পাঠাল ফেডারেশন
ভারতের মহিলা ফুটবল দল। ফাইল ছবি।

বিশ্বকাপ খেলা থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভারত। পুরুষ দলের কাছে যেটা স্বপ্ন, সেটা বাস্তব করার খুব কাছে পৌঁছে গিয়েছে মহিলা দল। কিন্তু সেই মহিলা দলকে সঠিক মাপের পোশাকই দিতে পারল না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন! এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ব্লু টাইগ্রেসরা। কিন্তু সঙ্গীতা বাসফোরদের তুলনায় অনেক ছোট মাপের জার্সি পাঠানো হয়েছে বলে অভিযোগ।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে যাত্রা শুরু করে ভারতের মহিলা ব্রিগেড। তারপরেই জার্সি বিভ্রাট। ৪ মার্চ অর্থাৎ বুধবার থেকে এশিয়ান কাপ অভিযান শুরু করবে ভারত। তার মাত্র দু’দিন আগে টিম হোটেলে পৌঁছেছে জার্সি। কিন্তু ফুটবলারদের ৮০ শতাংশের গায়েই আঁটছে না সেই পোশাক। সূত্রের খবর, বয়সভিত্তিক দলের জার্সি পাঠানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। সেই জার্সি সকলের থেকেই মাপে ছোট।

Advertisement

মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে জার্সি বিভ্রাট ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন সঙ্গীতা, সুইটি দেবী, মণীশা কল্যাণরা। ফেডারেশনকে ফুটবলাররা সকলে মিলে চিঠি লিখেছেন। সেখানে বলা হয়েছে, “গত কয়েকদিন ধরে আমাদের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কারণ সঠিক পোশাক পাইনি আমরা। এরকম অদ্ভূত সমস্যার জেরে আমাদের মনসংযোগে ব্যাঘাত ঘটেছে। মানসিকভাবেও ধাক্কা খেয়েছি।” ফুটবলারদের আক্ষেপ, আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেও সঠিক মাপের জার্সি মিলছে না।

Advertisement

জানা গিয়েছে, অনুশীলনের জন্য আপাতত স্থানীয় বাজার থেকে দুই সেট জার্সি কেনা হয়েছে। ফেডারেশনের সাফাই, কিট স্পনসর নেই জাতীয় মহিলা দলের। তবে ম্যাচের আগে সঠিক মাপের জার্সি এবং ট্রেনিংয়ের পোশাক পৌঁছে যাবে বলে ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন। উল্লেখ্য, আগামী বছর ব্রাজিলে মহিলাদের বিশ্বকাপ। সেখানে যোগ্যতা অর্জনের সুবর্ণ সুযোগ এশিয়ান কাপ। সেমিফাইনালে উঠলেই সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে ভারত। শেষ আটে হেরে যাওয়া চার দলের মধ্যে প্লে-অফে প্রথম দুই দলের মধ্যে থাকলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে ব্লু টাইগ্রেসদের। এই মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেও বিভ্রাটের শিকার ফুটবলাররা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.