Mohun Bagan

অনুশীলনে মিগুয়েল-ম্যাকলারেন জোড়া ফলা, ঘরোয়া লিগে ভবানীপুরের বিরুদ্ধে নামছে মোহনবাগান

শুক্রবার ঘরোয়া লিগে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। ঘরোয়া লিগের লিগ টেবিলে মোহনবাগানের উপরে রয়েছে ভবানীপুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:৫৯

options
link
অনুশীলনে মিগুয়েল-ম্যাকলারেন জোড়া ফলা, ঘরোয়া লিগে ভবানীপুরের বিরুদ্ধে নামছে মোহনবাগান
শুক্রবার ঘরোয়া লিগে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান।

সবুজ-মেরুন জার্সিতে বৃহস্পতিবার অনুশীলনে নেমে গেলেন মিগুয়েল ফিগুয়েরা। ব্রাজিলিয়ানের পাশাপাশি যোগ দিলেন জেমি ম্যাকলারেনও। একই গাড়িতে অনুশীলনে এসেছিলেন এই দুই বিদেশি ফুটবলার। গত মরশুমে ইস্টবেঙ্গলকে দুরন্ত সার্ভিস দিয়ে এবার দলবদল করেছেন মিগুয়েল। তাঁকে নিয়ে প্রত্যাশা অনেক সমর্থকদের। অনুশীলনের একেবারে শেষের দিকে মিগুয়েলদের বল নিয়ে হালকা অনুশীলন করালেন মোহনবাগান (Mohun Bagan) কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। এই ব্রাজিলিয়ানের প্রথম দিনের অনুশীলন দেখতে মোহনবাগান সমর্থকরা এসেছিলেন যুবভারতীতে। অনুশীলন শেষে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Advertisement

বৃহস্পতিবার থেকে সাইডলাইনে অনুশীলন শুরু করে দিয়েছেন আপুইয়াও। বৃহস্পতিবার অনুশীলনে ম্যাকলারেনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মোহনবাগান কোচ দিলেমপেরিসকে। ডুরান্ডে মোহনবাগানের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ সিআইএসএফ। আগের ম্যাচেই সাউথ ইউনাইটেডকে তারা ৮-০ গোলে হারিয়ে দিয়েছে। মোহনবাগান কোচ গ্রুপ পর্বের ম্যাচগুলোতে স্কোয়াডের সব ফুটবলারকে খেলিয়ে দেখে নিতে চাইছেন। লিগ টেবলের একেবারে শেষে থাকা এই সিআইএসএফের বিরুদ্ধেই ৮-০ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গলও।

Advertisement

এদিকে শুক্রবার ঘরোয়া লিগে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। ঘরোয়া লিগের লিগ টেবিলে মোহনবাগানের উপরে রয়েছে ভবানীপুর। পাঁচ ম্যাচে তিন ম্যাচে জয়, একটিতে ড্র ও একটিতে হেরে মোহনবাগান রয়েছে তৃতীয় স্থানে। সেখানে সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভবানীপুর। টানা চার ম্যাচে জিতেছে তারা। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী রঞ্জন চৌধুরির ছেলেরা।

Advertisement

এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন তাদের আক্রমণভাগের ফুটবলার সাহিল হরিজন ও জিতেন মুর্মু। রবি হাঁসদার মতো ফুটবলার পরিবর্ত হিসাবে নামছেন। গোলে রয়েছেন আদিত্য পাত্রের মতো ঘরোয়া লিগে ইস্টবেঙ্গল খেলে আসা ফুটবলার। সুপার সিক্সে যাওয়ার জন্য এই ম্যাচ থেকে পয়েন্ট আনাই অন্যতম লক্ষ্য রঞ্জন চৌধুরির। এই মরশুমে ভালো ছন্দে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে খিদিরপুরের সঙ্গে ড্র ও কাস্টমসের সঙ্গে হারের ফলে লিগ তালিকায় আপাতত তৃতীয় স্থানে রয়েছেন সুহেল ভাটরা। সুপার সিক্সে যেতে গেলে পরবর্তী ম্যাচগুলি যথেষ্টই গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে।

আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম ভবানীপুর
মোহনবাগান মাঠ, দুপুর ৩.০০
সরাসরি নাম্বার টেন স্পোর্টস অ্যাপে

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.