স্টাফ রিপোর্টার: আজ মহেন্দ্র সিং ধোনির সামনে থাকবে ইতিহাস। দীনেশ কার্তিকের সামনে বর্তমান। ধোনির হাতে যদি একটা অস্ত্র ব্র্যাভো থাকে। তাহলে কার্তিকের হাতে আছে দু’টো অস্ত্র-সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। ধোনি যদি প্রথম ম্যাচে মুম্বইকে হারিয়ে আইপিএলের ইতিহাসে একটা লোকগাথা ম্যাচের সাক্ষী থাকেন, তাহলে বেঙ্গালুরুকে অঙ্ক কষে হারিয়েছে নাইট রাইডার্স।
মঙ্গলবার রাতে চুম্বকে উঠে আসে এই দু’দলের লড়াই। যে লড়াইকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা-কল্পনা। দু’বছর সাসপেনশন কাটিয়ে আবার আইপিএলের মূল স্রোতে ফিরে এসেছে চেন্নাই সুপারকিংস। তার ওপর আবার ধোনির নেতৃত্ব। সব মিলিয়ে আজ রাতে চিপক স্টেডিয়াম উত্তাল হবে চেন্নাই সুপার কিংসকে নিয়ে। তার ওপর তারা এখানে নাইট রাইডার্সকে হারিয়েছে সাতবারের মধ্যে পাঁচবার। তাই বলে দেওয়া যায়, এই মাঠ নাইটদের অন্ধকারে ঢেকে দিয়েছে। আলোর রেখা দেখিয়েছে কদাচিৎ। সেই সঙ্গে এবার একমাত্র ম্যাচে ডারেন ব্র্যাভোর দুরন্ত ইনিংস সকলকে চমকে দেয়। ৩০ বলে ৫৮ রান করে জিতিয়ে ছিলেন দলকে। এইসবই আজ ধোনিকে এগিয়ে রাখছে।
[‘মাঠে অঘটন ঘটলে আমরা দায়ী নই,’ ম্যাচের আগে হুমকির মুখে ধোনির চেন্নাই]
কিন্তু নাইট রাইডার্স? অগ্নিস্ফুলিঙ্গ। এক একটা অধ্যায়ে ছিটকে বেরিয়েছে আগুনের ফুলকি। প্রথমেই ধরা যাক সুনীল নারিনের নাম। বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে ইনিংসের শুরুতেই ১৭ বলে ৫০ রান করে সকলকে চমকে দেন। দলকে পৌঁছে দেন জয়ের নিশানায়। শুধু তিনি নন, অধিনায়ক দীনেশ কার্তিক থেকে শুরু করে আন্দ্রে রাসেল প্রত্যেকেই বেঙ্গালুরুকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে দেননি। তাই বলে দেওয়া যায়, খুব বড় অঘটন না ঘটলে আজকের ম্যাচে ফেভারিট বলিউডের বাদশার দল নাইট রাইডার্স।
আরও এগিয়ে থাকার পেছনে কারণ হিসেবে উঠে আসছে মাঠের চরিত্র। চিপক স্টেডিয়ামের মাঠ বরাবর স্লো। অর্থাৎ বল পড়ে ব্যাটে আসতে সময় নেয়। তাই এই পিচে স্পিনাররা ভরসা। নাইট রাইডার্সের হাতে সেই জায়গায় আছে স্পিনার হিসাবে একের পর এক জাদু। যেমন কুলদীপ যাদব, পীযূষ চাওলা, সুনীল নারিন। সেই সঙ্গে নীতীশ রানা। নীতীশ অবশ্য নিয়মিত স্পিনার নন। কিন্তু এবার অভিষেক ম্যাচে দু’-দু’টো উইকেট নিয়ে সকলকে চমকে দেন নীতীশ। তাও আবার কিনা বিরাট কোহলিকে সরাসরি বোল্ড করে। এবি ডিভিলিয়ার্সকে ফিরিয়ে। তাই নীতীশ এখন বোলিংয়ে দীনেশের অন্যতম ভরসাও। তাছাড়া ধোনিকে সমস্যায় ফেলে দিয়েছে কেদার যাদবের ছিটকে যাওয়া। কেদার এবারের আইপিএলে বোধহয় আর খেলতেই পারবেন না। ফাফ ডুপ্লেসির খেলা নিয়েও সংশয় আছে। তাই সকলে ধরে নিচ্ছেন, চিদম্বরমের ইতিহাস যতই ধোনির মুখের হাসিকে চওড়া করুক বর্তমান বলছে দীনেশ আবার জয়ের পথে এগিয়ে যাবেন। এখন দেখার শেষ হাসি কে হাসেন।
[প্রথম ম্যাচেই বাজিমাত ক্যাপ্টেন কার্তিকের, বিরাটদের বিরুদ্ধে জয়ী কেকেআর]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?