ISL 2026

ইদের দিন হচ্ছে না ম্যাচ, কবে আইএসএলে ইস্টবেঙ্গল-মহামেডান দ্বৈরথ?

এই ম্যাচ জিতলে দুই দলের ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। তাই ঢিলেমি দিতে চাইছেন না অস্কার ব্রুজো এবং মেহরাজউদ্দিন ওয়াড়ু।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৭:১৫

options
link
ইদের দিন হচ্ছে না ম্যাচ, কবে আইএসএলে ইস্টবেঙ্গল-মহামেডান দ্বৈরথ?
গ্রাফিক্স সৃজিতা পাণ্ডা।

জল্পনা ছিলই। এবার তাতে সিলমোহর পড়ল। শেষ পর্যন্ত পিছিয়েই গেল ইস্টবেঙ্গল বনাম মহামেডান দ্বৈরথ। ২১ মার্চ, শনিবার হওয়ার কথা ছিল খেলা। তবে দিনক্ষণ বদলে ২৩ মার্চ, সোমবার যুবভারতীতে নামবে দুই প্রতিপক্ষ। 

Advertisement

কেন বদলে গেল ম্যাচের সময়সূচি? শনিবার রয়েছে পবিত্র ইদ-উল-ফিতর। তাই প্রশাসনিক কারণে ম্যাচের দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে ম্যাচ পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়। ম্যাচ শুরু সন্ধে সাড়ে ৭.৩০ মিনিটে। আপাতত আইএসএলে পাঁচ ম্যাচ খেলে দু’টো ম্যাচে জয়, দু’টো ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে লাল-হলুদ রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে, চার ম্যাচে পয়েন্ট অধরা মহামেডানের। তারা রয়েছে পয়েন্ট টেবিলের শেষে। এই ম্যাচ জিতলে দুই দলের ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। তাই ঢিলেমি দিতে চাইছেন না অস্কার ব্রুজো এবং মেহরাজউদ্দিন ওয়াড়ু।

Advertisement

Advertisement

আপাতত তাই মঙ্গলবার থেকে অস্কারের নেতৃত্বেই ইস্টবেঙ্গল ফুটবলাররা মহামেডান ম্যাচের প্রস্তুতি শুরু করতে চলেছেন। তবে অনেকেই বলছেন, এই ম্যাচের উপর নির্ভর করছে কোচ ব্রুজোর ভবিষ্যৎ। যাঁকে নিয়ে গত কয়েকটা দিন কম জলঘোলা হয়নি। তবে যুবভারতীতে ইস্টবেঙ্গল অনুশীলনে হাজির সমর্থকরা আর্জি জানালেন কোচ-ফুটবলারদের কাছে। যেখানে সাফ বার্তা, সমর্থকদের আবেগকে বুঝুন। চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনুন। মাঠেও দেখা গেল, অস্কার প্লেয়ারদের সঙ্গে অন্তত আধঘণ্টা কথা বলেন।

আসলে শেষ তিনটে ম্যাচে দিগভ্রষ্ট ইস্টবেঙ্গল। লাল-হলুদ কোচকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। এই মুহূর্তে লাল-হলুদ কোচ নিজেও সোশাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের বায়ো থেকে মুছে ফেলেছেন ইস্টবেঙ্গলের নাম। তবে সেখান থেকে ফিরে আসতে চাইছেন স্প্যানিশ কোচ ও তাঁর দল। এই পরিস্থিতিতে জয়ে ফেরা ছাড়া অন্য কোনও উপায়ও নেই ব্রুজোর দলের কাছে। আপাতত পয়েন্ট টেবিলের দিকে না তাকিয়ে সেরাটা দেওয়ার লক্ষ্যেই নামবে মশাল ব্রিগেড।

অন্যদিকে মোহনবাগান সমর্থকদের জন্য আশার খবর, রবসন রবিনহো বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। আবার কিয়ান নাসিরির সঙ্গে সংঘর্ষে আহত আলবার্তো রডরিগেজের চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে। ২০ মার্চ, শুক্রবার মুম্বই এফসি’র বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন সবুজ-মেরুন ডিফেন্ডার। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সের্জিও লোবেরার দল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.