Kalinga Super Cup 2025

সুপার কাপে আজ কেরালার মুখোমুখি মোহনবাগান, মোলিনার পরামর্শেই দল সাজাবেন বাস্তব

প্রতিমুহূর্তেই মোলিনার সঙ্গে যোগাযোগ রয়েছে, জানালেন বাস্তব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ১৩:৪৫

options
link
সুপার কাপে আজ কেরালার মুখোমুখি মোহনবাগান, মোলিনার পরামর্শেই দল সাজাবেন বাস্তব

স্টাফ রিপোর্টার: সুপার কাপে (Super Cup) মোহনবাগান কোচ হিসাবে থাকবেন বাস্তব রায় ঠিকই। তবে পিছন থেকে জোসে মোলিনা সেই দলের উপর নজর রাখছেন সবসময়। আইএসএল শেষ করেই দেশে ফিরে গিয়েছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। কিন্তু সেখান থেকেই দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সুপার কাপে তাঁর পরামর্শ নিয়েই দল সাজাবেন এই প্রতিযোগিতায় মোহনবাগান কোচের দায়িত্বে থাকা বাস্তব। শুক্রবার তিনি জানিয়েছেন, প্রতিমুহূর্তেই মোলিনার সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর।

Advertisement

এবারের সুপার কাপ মোহনবাগানের তরুণ ফুটবলারদের কাথে নিজেদের মেলে ধরার একটা মঞ্চ। নোয়া সাদাউরা প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। সেখানে মোহনবাগান (Mohun Bagan) এখনও কোনও ম্যাচ খেলেনি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় সরাসরি শেষ আটে খেলবে মোহনবাগান। কেরালাকে এগিয়ে রাখলেও দলের তরুণ ফুটবলাররা এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবে বলেই মনে করছেন মোহনবাগান কোচ বাস্তব। তিনি বলেন, “এক সপ্তাহে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। এই সফরটা আমাদের তরুণ ফুটবলারদের সামনে নিজেদের মেলে ধরার একটা সফর। কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে খুব ভালো দল। ভালো দলের বিরুদ্ধে আমার ছেলেরা আশা করছি নিজেদের প্রমাণ করবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেরালাকে এগিয়ে রাখলেও নিজেদের আন্ডারডগ মানতে নারাজ বাস্তব। সিনিয়র দলের কোচ মোলিনার সঙ্গে সবসময় যোগাযোগ রেখেই পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বাস্তব। তিনি বলেন, “আমি সবসময় মোলিনার সঙ্গে যোগাযোগ রাখছি।” কেরালা ছয় বিদেশি নিয়ে খেললেও নিজেদের বিদেশি বলতে শুধু নুনো রেইস। প্রতিপক্ষের একাধিক বিদেশি থাকা সত্বেও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ বাস্তব। যোগ করছেন, “ছয় বিদেশি নিয়ে মাথা ঘামাচ্ছি না। পাঁচ বিদেশি কিংবা ছয় বিদেশি নিয়েও অনেক দল হেরে গিয়েছে। আশা করছি, আমাদের ভালো ফলই হবে।” সিনিয়র ফুটবলার হিসাবে দলের সঙ্গে ভুবনেশ্বরে আসা সাহাল বলছিলেন, “নতুন ম্যাচ। একইভাবে এই ম্যাচেও আমরা নিজেকে মেলে ধরার জন্য প্রস্তুত আছি। তরুণ ফুটবলাররাও এই সুযোগটা কাজে লাগাবে। ভালোকিছুই হবে।”

Advertisement

এই দলে সাহাল, দীপেন্দু বিশ্বাস, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, সুহেল ভাট, ধীরাজ সিংদের পাশাপাশি আরএফডিএল দল থেকে টাইসন সিং, টংসিং, পাসাং দরজি তামাংরা রয়েছেন। মরশুমের প্রথম ম্যাচ খেলবেন নুনো। গোলে খেলবেন ধীরাজ। তবে মোহনবাগান রক্ষণের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে নোয়া ও জেসুস জিমেনেজকে আটকানো। রক্ষণে শুরু করবেন আমনদীপ, সৌরভ। সঙ্গে দীপেন্দু ও নুনো। মাঝমাঠে দীপক, সাহাল, অভিষেক সূর্যবংশী। দুই উইংয়ে আশিক, সালাউদ্দিন আদনান। সামনে সুহেল। কলকাতার বাকি দুই দল ইস্টবেঙ্গল ও মহামেডান প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় মোহনবাগানই এখন একমাত্র প্রতিনিধি বাংলার। যদিও এই বিষয়টি ফুটবলারদের মাথায় ঢুকিয়ে প্রত্যাশার চাপ বাড়াতে চাইছেন না কোচ বাস্তব।

আজ সুপার কাপে
মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ভুবনেশ্বর, বিকাল ৪.৩০, জিও-হটস্টার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন