সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাসিত হওয়ার ইঙ্গিত ছিলই৷ এবার তাতেই সিলমোহর পড়ল৷ দ্বিতীয়বারেও ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না জাতীয় স্তরের অ্যাথলিট মনপ্রীত কৌর৷ ডোপ কেলেঙ্কারিতে নাম জড়ানোয় নির্বাসিত করা হল তাঁকে৷ যার ফলে আগামী মাসে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হচ্ছে না এই শটপাটারের৷
চলতি মাসেই ওড়িশায় আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন শটপাটার মনপ্রীত৷ আর তারপরই ওঠে অভিযোগ৷ জানা যায়, গত মাসে পাটিয়ালায় ফেডারেশন কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপের আগে অ্যাথলিটদের ডোপ টেস্ট করেছিল নাডা (জাতীয় ডোপবিরোধী সংস্থা)৷ তখনই তাঁর শরীর থেকে নিষিদ্ধ ডাইমিথাইলবিউটিলামাইন পাওয়া যায়৷ জানানো হয়েছিল, দ্বিতীয় নমুনা পরীক্ষার পর তাঁর নির্বাসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বৃহস্পতিবার ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের (এএফআই) তরফে জানিয়ে দেওয়া হল দ্বিতীয় টেস্টেও ফেল করেছেন তিনি৷ গত ২৪ এপ্রিলে জিংহুয়ায় অনুষ্ঠিত এশিয়ান গ্রাঁ প্রি-র প্রথম লেগের সময় মনপ্রীতের মূত্রের ‘এ’ নমুনা নেওয়া হয়েছিল৷ তাতেও পাস করেননি তিনি৷ সেখানেও মিলেছে সেই একই নিষিদ্ধ দ্রব্য৷ এএফআই-এর প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা বলেন, “অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল মনপ্রীতকে৷ আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারবেন না তিনি৷” এমন অভিযোগের ফলে ভুবনেশ্বরে জেতা সোনার পদকও ফিরিয়ে দিতে হতে পারে তাঁকে৷
[মেয়ের জন্মদিনের ছবি পোস্ট করে ফের মুসলিমদের রোষের মুখে সামি]
ফেড কাপ ও সদ্য সমাপ্ত আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা ঝুলিতে ভরে দেশের মুখ উজ্জ্বল করেছেন মনপ্রীত৷ জিংহুয়ায় এশিয়ান গ্রাঁ প্রি মিটের মঞ্চে ১৮.৮৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ডও গড়েছিলেন৷ সোনা জয়ের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছিলেন৷ কিন্তু তারপরই ডোপ কলঙ্কে নাম জড়ালো তাঁর৷ ফলে ফের একবার মাথা নত হল দেশের ক্রীড়া ক্ষেত্রের৷ উল্লেখ্য, এই প্রথম কোনও অ্যাথলিটের শরীরে ডাইমিথাইলবিউটিলামাইন পাওয়া গেল৷ যার প্রতিক্রিয়া অনেকটা মিথাইলহেক্সানামাইনের মতো৷ ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে ওই নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগ উঠেছিল৷
[‘কুম্বলে-শাস্ত্রীরা যাবে আসবে, সাফল্যের সব কৃতিত্ব বিরাটদেরই’]
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি