মোহনবাগান- ২ (কাটসুমি, ডাফি)
চেন্নাই সিটি- ১ (নন্দকুমার)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা মিরাকলের আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। কর্তা-ফুটবলাররাও জান-প্রাণ লড়িয়ে দিয়েছিলেন জয়ের জন্য। কিন্তু জিতেও হেরে গেল মোহনবাগান। আই লিগের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়েও রবীন্দ্র সরোবরে সলিলসমাধি হল বাগানের আই লিগ জয়ের স্বপ্নের। শিলংয়ে অন্য ম্যাচে লাজংয়ের সঙ্গে ১-১ স্কোরে ড্র করে প্রথমবার আই লিগ জিতে ইতিহাস তৈরি করল খালিদ জামিলের আইজল এফসি। আর সেই দুঃখে চোখের জলে এবারের আই লিগের মরশুম শেষ করল মোহনবাগান। পরপর দুবছর। তীরে এসে ডুবল পাল তোলা নৌকা।
রবীন্দ্র সরোবরের গ্যালারিতে বসে থাকলেও বাগান সমর্থকরা কিন্তু শিলংয়ের খোঁজখবর রেখে চলেছিলেন ক্রমাগত। কোচ-কর্তারাও আইজল-লাজং ম্যাচের স্কোর নিয়ে ভাবছিলেন। একবার খুশির খবর এল, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছে লাজং। তখনই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হাজার হাজার বাগান সমর্থকদের উল্লাস জানান দিচ্ছিল, এখনও আশা আছে। কিন্তু তার মধ্যেই বিপত্তি। প্রথমার্ধের ৩১ মিনিটে ফাঁকা ডিফেন্সের সুযোগ নিয়ে চেন্নাইয়ের নন্দকুমার গোল করে এগিয়ে দেন দলকে। তখন স্টেডিয়ামে শ্মশানের নীরবতা। কিন্তু হাল ছাড়েননি কাটসুমি-সোনিরা। ইনজুরি টাইমে বলবন্তের বুক দিয়ে নামানো বলে শট মেরে গোল শোধ করেন কাটসুমি। লিগ জয়ের স্বপ্ন নতুন করে দেখতে শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড।
কিন্তু দ্বিতীয়ার্ধে সমস্ত আশায় জল ঢেলে দেয় আইজল। লাজংয়ের বিরুদ্ধে গোল শোধ করতেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বাগানের। তখন জিতলে বা ড্র করলেও আর কিছু হওয়ার নেই। ম্যাচের ৭৭ মিনিটে গোল করে বাগান আবার এগিয়ে দিলেন ডাফি। তার তিন মিনিট পরেই বক্সের বাইরে বল ধরার জন্য লাল কার্ড দেখেন বাগান গোলকিপার দেবজিত মজুমদার। তা নিয়ে বেশ উত্তপ্ত হয় মাঠের পরিস্থিতি। কিন্তু তখনও সময় রয়েছে। আশা একটাই, যদি আবার লাজং গোল করে এগিয়ে যায়। কিন্তু তা হওয়ার চান্স খুব কম। শেষপর্যন্ত তা হল না। লাজং-আইজল ম্যাচ শেষ হল ১-১ স্কোরে। আর এদিকে জিতেও পরাজিতদের মতো মাঠ ছাড়লেন বাগানের ফুটবলাররা। মাঠে এবং মাঠের বাইরে তখন হাহাকার, কান্নার রোল ভেসে আসছে। কলকাতায় মিরাকল না হলেও, শিলংয়ে ফুটবলের এক অন্য রূপকথা লিখলেন আইজলের ফুটবলাররা।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!