Lovlina Borgohain

ন্যাপকিনে ছাপা ভারতের বিকৃত মানচিত্র! লভলিনার প্রতিবাদে ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তরাঁ

ক্ষমা চাওয়ার কিছু পর থেকেই রেস্তরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখা যায়নি। সেটি মুছে ফেলা হয়েছে, নাকি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৩:০৬

options
link
ন্যাপকিনে ছাপা ভারতের বিকৃত মানচিত্র! লভলিনার প্রতিবাদে ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তরাঁ
লভলিনার প্রতিবাদে ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তরাঁ। ছবি সংগৃহীত।

গ্লাসগোর একটি রেস্তরাঁ ভারতের ভুল মানচিত্র ব্যবহার করায় বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় তারকা বক্সার লভলিনা বরগোহাঁই অভিযোগ করেন, রেস্তরাঁর ন্যাপকিনে এমন একটি মানচিত্র ছিল, যেখানে উত্তর-পূর্ব ভারতের অংশ দেখানো হয়নি। কমনওয়েলথ গেমসে সাফল্যের পর ভারতীয় বক্সিং দল সেখানে গেলে বিষয়টি নজরে আসে। লভলিনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। পরে ভুল মানচিত্র ছাপানোয় রেস্তরাঁ কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছে।

Advertisement

গ্লাসগো কমনওয়েলথ গেমসে সাত-সাতজন বক্সার সোনা জিতেছেন। তিনজন রুপোর পদক। সোনা জিতলেন ভারতের পাঁচ মহিলা বক্সার প্রীতি পওয়ার, জ্যাসমিন লাম্বোরিয়া, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী। পুরুষদের বক্সারদের মধ্যে সোনা জিতেছেন শচীন সিওয়াচ এবং অঙ্কুশ পাঙ্গাল। লভলিনা বরগোঁহাই, জাদুমণি সিং, নরেন্দর বেরওয়ালের ঝুলিতে রুপোর পদক। সেই সাফল্য উদযাপন করতেই গ্লাসগোর ‘মিস্টার সিংস ইন্ডিয়া, দ্য হোম অব কারি’ রেস্তরাঁয় গিয়েছিলেন বক্সারেরা। সেখানেই একটি ন্যাপকিন হাতে তুলে নিয়ে লভলিনা দেখান, তাতে থাকা ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশ অনুপস্থিত। তাঁর দাবি, রেস্তরাঁর বাইরের লোগোতেও একই ভুল রয়েছে।

Advertisement

ভিডিওয় লভলিনা বলেন, “আমার কথাটা ভুল ভাবে নেবেন না। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্ব অংশটাই নেই। বাইরে যে মানচিত্রটি লাগানো রয়েছে, সেখানেও উত্তর-পূর্ব ভারত বাদ দেওয়া হয়েছে। আমি নিজে উত্তর-পূর্ব ভারতের মানুষ। তাই এটা আমাদের খুবই কষ্ট দেয়। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ।”

এই মন্তব্য তড়িৎ গতিতে ভাইরাল হয়। বহু নেট নাগরিক রেস্তরাঁর ভুল মানচিত্র ব্যবহারের সমালোচনা করেন। বিষয়টি সংশোধনের দাবি জানান। বিতর্কের পর রেস্তরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘প্রায় ৩২ বছর ধরে আমরা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরছি। প্রথমেই ভারতের ভুল মানচিত্র ব্যবহারের জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। বিষয়টি দ্রুত সংশোধনের ব্যবস্থা করা হবে। কাউকে আঘাত করতে চাইনি। আমরা গর্বের সঙ্গেই ভারতীয় দলকে আপ্যায়ন করতে চেয়েছিলাম।’

রেস্তরাঁ আরও জানিয়েছে, সঠিক মানচিত্র ব্যবহার করে নতুন লোগো তৈরি করা হবে। পাশাপাশি, কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় বক্সিং দলকে অভিনন্দনও জানানো হয়েছে। এদিকে ক্ষমা চাওয়ার কিছু পর থেকেই রেস্তরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখা যায়নি। সেটি মুছে ফেলা হয়েছে, নাকি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.