Olympic

পাখির চোখ অলিম্পিক, মাত্র ১৬ বছর বয়সেই ভারতীয় দলে বঙ্গকন্যা সিন্ড্রেলা

বিশ্ব টিম টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিলেন বাংলার সিন্ড্রেলা দাস। আগামী এপ্রিলের শেষে লন্ডনে হতে চলা এই প্রতিযোগিতায় তিনিই টিম ইন্ডিয়ার কনিষ্ঠতম সদস্য।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ২১:১২

options
link
পাখির চোখ অলিম্পিক, মাত্র ১৬ বছর বয়সেই ভারতীয় দলে বঙ্গকন্যা সিন্ড্রেলা
বয়স কম হলেও প্রতিভার জোরে ভারতীয় টেবল টেনিসে জায়গা করে নিয়েছেন সিন্ড্রেলা। ছবি: সংগৃহীত।

বয়স এখনও ১৬ পূর্ণ হয়নি। তার আগেই বিশ্ব টিম টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিলেন বাংলার সিন্ড্রেলা দাস। আগামী এপ্রিলের শেষে লন্ডনে হতে চলা এই প্রতিযোগিতায় তিনিই টিম ইন্ডিয়ার কনিষ্ঠতম সদস্য। সিন্ড্রেলা ছাড়াও মহিলা দলে আছেন মণিকা বাত্রা, শ্রীজা আকুলা, দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপড়ে। অন্যদিকে, পুরুষদের দলে রয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, জি সাথিয়ান, হরমিত দেশাই ও পায়াস জৈন। কোচ হিসেবে থাকছেন দুই বঙ্গসন্তান সৌরভ চক্রবর্তী ও সোমনাথ ঘোষ। তবে সরকারিভাবে এখনও দল ঘোষণা করেনি টিটিএফআই। আপাতত সাইয়ের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে জাতীয় টিটি সংস্থা।

Advertisement

বয়স কম হলেও প্রতিভার জোরে ভারতীয় টেবল টেনিসে জায়গা করে নিয়েছেন সিন্ড্রেলা। এবছরের শুরুতে চেন্নাইয়ে স্টার কন্টেন্ডারে টিম ইন্ডিয়ার স্কোয়াডে প্রথমবার ঢোকেন তিনি। তারপর থেকে নিয়মিতভাবে একটার পর একটা প্রতিযোগিতায় খেলছেন তিনি। সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্সও হয়েছেন। সেই সূত্রেই সিনিয়র টিম র‍্যাঙ্কিংয়ে অনেকটা উঠে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন সিন্ড্রেলা। তাতেই বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপের দলে ঢুকে পড়েছেন তিনি। জাতীয় দলের সঙ্গে যুক্ত একজন বলছিলেন, “সিন্ড্রেলার প্রতিভা আমাদের অজানা নয়। সামনে একাধিক বড় প্রতিযোগিতা রয়েছে। দু’বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেসব বিষয় মাথায় রেখেই সিন্ড্রেলা-পায়াসের মতো তরুণ মুখকে দলে আনা হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লন্ডনে মূল প্রতিযোগিতা শুরুর আগে তাই দু’দফায় শিবির আয়োজন করেছে টিটিএফআই। ১৩ এপ্রিল থেকে এক সপ্তাহের শিবির হবে বেঙ্গালুরুতে। তারপর শেফিল্ডে ছ’দিন ট্রেনিং করবেন সিন্ড্রেলারা। বর্তমানে সিন্ড্রেলা ব্যস্ত তিউনিশিয়ায় ডব্লুটিটি কন্টেন্ডার নিয়ে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ কলে বলছিলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে থাকাটা আমার কাছে বড় সুযোগ। এবার মণিকাদি-শ্রীজাদির মতো সেরা প্যাডলারদের সঙ্গে এক দলে থাকব। ওদের থেকে অনেক কিছু শিখতে পারব। পাশাপাশি বিশ্বের সেরা প্যাডলারদের খেলাও দেখার সুযোগ পাব। সবমিলিয়ে শেখার দারুণ সুযোগ পেয়েছি। সেটা কাজে লাগাতে চাই।”

Advertisement

বয়স মাত্র ১৬ হলেও ম্যাচে নামলে সেসব মাথায় রাখেন না সিন্ড্রেলা। তাঁর কথায়, “জানি আমার সিনিয়র কেরিয়ার সবে শুরু হয়েছে। তবে ভারতের জার্সিতে খেলার চাপটা ভালোই টের পাই। তাই সব ম্যাচ জেতাই লক্ষ্য থাকে।” প্রতিযোগিতায় পুরুষ বিভাগে গ্রুপে ভারত খেলবে স্লোভাকিয়া, তিউনিশিয়া ও গুয়াতেমালার বিরুদ্ধে। মহিলা বিভাগে লড়াই ইউক্রেন, রোয়ান্ডা ও উগান্ডার সঙ্গে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি নকআউটে যাবে। তবে রানার্স হলেও সুযোগ থাকবে নকআউটে খেলার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.