ISSF World Cup

বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপে সোনা, মনু ভাকেরকে হারিয়ে ভারতীয় শুটিংয়ে নতুন তারা এষা সিং

চলতি বছরই রয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়াডের মতো মেগা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাগুলিতে ভারতীয় শুটাররা বরাবর সাফল্য পেয়েছেন। এবার ভারতের পদক সম্ভাবনা আরও বাড়িয়ে তুললেন এষা সিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৯:১৮

options
link
বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপে সোনা, মনু ভাকেরকে হারিয়ে ভারতীয় শুটিংয়ে নতুন তারা এষা সিং
শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ২১ বছর বয়সি এই তরুণী।

চলতি বছরই রয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়াডের মতো মেগা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাগুলিতে ভারতীয় শুটাররা বরাবর সাফল্য পেয়েছেন। এবার ভারতের পদক সম্ভাবনা আরও বাড়িয়ে তুললেন এষা সিং (Esha Singh)। শুটিং বিশ্বকাপে (ISSF World Cup) বিশ্বরেকর্ড গড়লেন ২১ বছর বয়সি এই তরুণী। সঙ্গে জিতে নিলেন সোনার পদকও। সিনিয়র এবং জুনিয়র-দুই পর্যায় মিলিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন সোনার মেয়ে এষা।

Advertisement

মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন এষা। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চমস্থানে ছিলেন। কিন্তু পদক জয়ের লড়াই শুরু হতেই একেবারে অন্য মেজাজে এষা। খেতাবি যুদ্ধে তাঁর প্রতিপক্ষ ছিলেন গত অলিম্পিকে সোনাজয়ী ইয়াং জি ইন। তবে কঠিন লড়াইটা সেয়ানে সেয়ানে লড়েছেন ভারতের এষা। ৫০-এর মধ্যে ৪৩ স্কোর করেন তিনি। প্রথম তিনটে রাউন্ডেই পারফেক্ট টেন স্কোর করে প্রতিপক্ষদের অনেকটা পিছনে ফেলে দেন। শেষ পর্যন্ত ৪৩ পয়েন্টে থামেন এষা।

Advertisement

মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে ৪৩ স্কোর করার নজির কারোর নেই। অতীতে কোনও শুটার এত পয়েন্ট স্কোর করতে পারেননি। জুনিয়র এবং সিনিয়র দুই পর্যায়ে নজির গড়ে সোনা জিতলেন এষা। চলতি বছরের শেষে শুটিং বিশ্বকাপ ফাইনালেও সরাসরি যোগ্যতা অর্জন করেছেন তিনি। এষার থেকে অনেকখানি পিছিয়ে ৩৮ পয়েন্টে রুপো পান জার্মানির ডোরিন ভেনেকাম্প। ৩১ পয়েন্টে ব্রোঞ্জ পেয়েছেন বুলগেরিয়ার মিরোস্লোভা মিনচেভা। উল্লেখ্য, অতীতে এশিয়ান গেমসে পদক জিতেছেন এষা। এবারও পদক জয়ের হাতছানি রয়েছে তাঁর সামনে।

এই ইভেন্টে অংশ নিয়েছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরও। তবে যোগ্যতা অর্জন পর্বে ১২তম স্থানে থেকে তিনি ছিটকে যান। এখনও তাঁর সামনে ১০ মিটার এয়ার পিস্তলের ইভেন্ট রয়েছে। মনুর পাশাপাশি এষাও নামবেন এই ইভেন্টে। সেখানেও সোনালি সাফল্য আসুক ভারতের নারীশক্তির হাত ধরে, আশায় গোটা দেশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.