French Open

প্যারিসের গরমে হঠাৎই অসুস্থ, লড়াই করেও ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা সিনার

জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছলেও গরমের জেরে মাথা ঘোরা, ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। মেডিক্যাল টাইম আউট নিয়েও লাভ হয়নি। জেতা ম্যাচ হেরে যান সিনার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৯:৫৬

options
link
প্যারিসের গরমে হঠাৎই অসুস্থ, লড়াই করেও ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা সিনার

প্রবল গরমে ম্যাচের মধ্যেই বারবার অসুস্থ হয়ে পড়েছেন। মাথা ঘোরা, ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছলেও ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর তারকার অভিযান শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডেই। গতবছর ফাইনালে উঠেও রোলাঁ গারো থেকে হেরে ফিরেছিলেন ইটালিয়ান তারকা। এবারও তাঁর খেতাব জয়ের স্বপ্ন অধরা থেকে গেল।

Advertisement

বুধবার স্ট্রেট সেটে প্রথম রাউন্ড জিতে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমেছিলেন সিনার। তাঁর প্রতিপক্ষ অবাছাই আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়েল সেরুনডোলো। প্রথম দুই সেটে প্রত্যাশামতোই দাপট ছিল সিনারের। ৬-৩, ৬-২ ফলে প্রথম দুই সেটে জিতে যান। কিন্তু তৃতীয় সেট থেকে ছন্দপতন। প্যারিসের প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন ইটালিয়ান তারকা। এদিন প্যারিসের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। শহরজুড়ে সতর্কতাও জারি হয়েছে প্রবল গরমের জন্য।

Advertisement

দুপুরের প্রবল গরমে চলতি বছর প্রথমবার ম্যাচ খেলতে নেমেছিলেন সিনার। প্রথম দুই সেটের পর কোর্টেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তৃতীয় সেটে ৫-১ ফলে এগিয়ে ছিলেন সেসময়ে। প্রবল গরমের জেরে তাঁর মাথা ঘুরতে থাকে, শরীর শুকিয়ে যায়। বাধ্য হয়ে মেডিক্যাল টাইমআউট নেন সিনার। কিন্তু ফিরে এসে কোর্টে নামলেও একেবারেই নড়াচড়া করতে পারছিলেন না। ৫-১ ফলে এগিয়ে থাকা সেট শেষ পর্যন্ত ৭-৫ ফলে হারেন ইটালিয়ান তারকা। পরের দুই সেটে ৬-১, ৬-১ হেরে বিদায় নেন ফরাসি ওপেন থেকে।

Advertisement

তারপর থেকেই প্রশ্ন উঠছে ফরাসি ওপেনের উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে। প্রবল গরমের জেরে যেখানে শহরজুড়ে সতর্কতা জারি হয়েছে, তার মধ্যে দুপুরের রোদে খেলোয়াড়দের কোর্টে নামানো হচ্ছে কেন? ম্যাচ চলাকালীন একাধিকবার দেখা যায়, ক্র্যাম্পের সমস্যায় কাতরাচ্ছেন সিনার। র‍্যালি করতে কষ্ট হচ্ছিল তাঁর। কোর্টে লুটিয়েও পড়েন। মেডিক্যাল টাইম আউট নিয়েও লাভ হয়নি। সেই সুযোগটা কাজে লাগান অবাছাই আর্জেন্টিনীয়। বিশ্বসেরা টেনিস তারকাকে হারিয়ে এখন চর্চায় উঠে এসেছেন হুয়ান ম্যানুয়েল সেরুনডোলো।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.