Neeraj Chopra

চোট কাটিয়ে ফেরার লড়াই! কমনওয়েলথ গেমসের আগে সুইৎজারল্যান্ডে বিশেষ ক্যাম্পে নীরজ

বর্তমানে তুরস্কে পিঠের চোটের রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নীরজ। সেখান থেকে সুইৎজারল্যান্ডের বিয়েন শহরের অলিম্পিক ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ২১:২৪

options
link
চোট কাটিয়ে ফেরার লড়াই! কমনওয়েলথ গেমসের আগে সুইৎজারল্যান্ডে বিশেষ ক্যাম্পে নীরজ
নীরজ চোপড়া। ফাইল ছবি।

কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। সুইৎজারল্যান্ডে ৪৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের অনুমোদন দিয়েছে মিশন অলিম্পিক সেল (এমওসি)। বুধবার এমওসি-র ১৭৩তম বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়। একই সঙ্গে বিদেশে প্রশিক্ষণের অনুমোদন পেয়েছেন শুটার মনু ভাকের এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং।

Advertisement

বর্তমানে তুরস্কে পিঠের চোটের রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নীরজ। সেখান থেকে ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সুইৎজারল্যান্ডের বিয়েন শহরের অলিম্পিক ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন তিনি। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টপস) থেকে এই শিবিরের সমস্ত খরচ বহন করা হবে। নীরজের সঙ্গে থাকবেন তাঁর দীর্ঘদিনের ফিজিয়ো ইশান মারওয়া এবং কোচ জয় চৌধুরী। বিমানের ভাড়া, থাকা-খাওয়া, চিকিৎসা, ভিসা, জ্যাভলিন সরঞ্জামের অতিরিক্ত ব্যাগেজ থেকে শুরু করে দৈনিক ভাতা, সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে অনুমোদিত প্রস্তাবে।

Advertisement

এ বছরই জুলাইয়ে গ্লাসগোয় শুরু হবে কমনওয়েলথ গেমস এবং সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় বসবে এশিয়ান গেমস। দু’টি প্রতিযোগিতাই নীরজের কাছে স্পেশাল। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসেও টানা দু’বার (২০১৮ ও ২০২২) সেরা হয়েছেন ভারতীয় তারকা। তবে গত বছরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আশানুরূপ ফল করতে পারেননি নীরজ। টোকিওয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেছিলেন। তার উপর চোটের সমস্যাও গত কয়েক মাস ধরে তাঁকে ভুগিয়েছে। তাই সুইৎজারল্যান্ডের এই প্রশিক্ষণ শিবিরকে তাঁর ছন্দে ফেরার অন্যতম বড় প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

Advertisement

অন্যদিকে, ইতালির লুক্কায় ১৩ মে থেকে ২২ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবেন মনু ভাকের। তাঁর সঙ্গে থাকবেন কোচ জসপাল রানা এবং ফিজিও স্নেহিল খুরানা। ২০২৬ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ও ২৫ মিটার পিস্তল বিভাগে অংশ নেওয়ার কথা রয়েছে মনুর। প্যারিস অলিম্পিকে নজরকাড়া সাফল্যের পর তাঁর কাছ থেকে পদকের প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। এছাড়াও ১৫ মে থেকে ১৭ জুন পর্যন্ত আমেরিকায় ৩৪ দিনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক সফরের অনুমোদন পেয়েছেন গুলবীর সিং। লস অ্যাঞ্জেলেস ও ন্যাশভিলে একাধিক এলিট প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী এই অ্যাথলিটকে নিয়েও আশাবাদী ভারতীয় ক্রীড়ামহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.