Novak Djokovic

‘এটাই আমার আশীর্বাদ ও অভিশাপ’, উইম্বলডন স্বপ্নভঙ্গেও হতাশ নন জকোভিচ, অবসর নিয়ে কী বার্তা?

উইম্বলডনের সেমিফাইনালে জানিক সিনারের কাছে হেরে ছিটকে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১২:১১

options
link
‘এটাই আমার আশীর্বাদ ও অভিশাপ’, উইম্বলডন স্বপ্নভঙ্গেও হতাশ নন জকোভিচ, অবসর নিয়ে কী বার্তা?
নোভাক জকোভিচ

নোভাক জকোভিচ হওয়া আশীর্বাদ ও অভিশাপ। বলছেন কে? খোদ নোভাক জকোভিচ। উইম্বলডনের সেমিফাইনালে জানিক সিনারের কাছে হেরে ছিটকে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। ৩৯ বছরে বিশ্বের একনম্বর সিনারের বিরুদ্ধে প্রায় আড়াই ঘণ্টা লড়েন। কিন্তু এবারও ২৫ নম্বর গ্র্যান্ড স্লাম জেতা হচ্ছে না। তবে এখানেই শেষ নয়। কোথাও যাচ্ছেন না। সামনের মাসে ইউএস ওপেনে তো খেলবেনই। আরও একবার উইম্বলডনে ফেরার ইচ্ছা জানিয়ে গেলেন।

Advertisement

শুক্রবার সেমিফাইনালে শীর্ষবাছাই সিনার স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪, ৬-৪-এ উড়িয়ে দেন সপ্তমবাছাই সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচকে। অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই জেরেভ ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইংল্যান্ডের আর্থার ফেরিকে। এবারের উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নেমেছিলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে একশোরও পরে থাকা এই তরুণ। তবে সেমিফাইনালে এসে থেমে গেল তাঁর স্বপ্নের দৌড়। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি আলেকজান্ডার জেরেভ ও জানিক সিনার।

Advertisement

মাস কয়েক আগে অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে সিনারকে পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে হারান জকোভিচ। এই বছর তিনটি স্লামের মধ্যে একটিতে সেমিতে, একটির ফাইনালে। গ্র্যান্ড স্লাম জেতা হচ্ছে না ঠিকই। কিন্তু এই ‘সাফল্য’টুকু বহু টেনিস খেলোয়াড়ের স্বপ্ন। কিন্তু ‘জোকারে’র জন্য নয়। ম্যাচের পর তিনি বলেন, “আমার জন্য এটা যথেষ্ট নয়। এটাই আমার আশীর্বাদ ও অভিশাপ। কারণ সাফল্যের খতিয়ানে আমি সবার শীর্ষে। আমার লড়াই আমার সঙ্গে। আমি নিজেকে বলি, এখনও তুমি সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে। তরুণদের সঙ্গে গ্র্যান্ড স্লাম খেতাবের জন্য লড়বে। গত ২০ বছর ধরে নিজের সঙ্গে এই লড়াইটা লড়ছি। এখনও আমি খেলাটা উপভোগ করি। তবে এত শারীরিক কষ্ট করতে হয়, সেটা ভালো লাগে না।”

Advertisement

সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, এখনই বিদায় বলছেন না। ২৪ গ্র্যান্ড স্লামের মালিক বলছেন, “আমায় কেউ জোর করে খেলাচ্ছে না। আমি খেলছি, কারণ এখনও বিশ্বের সেরা ৫ জন প্লেয়ারের মধ্যে অন্যতম। আমি এখনও বিশ্বের সেরা পর্যায়ে খেলতে পারি। নিজেকে সেটা প্রমাণ করেছি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.