India team Hockey World Cup

গেরুয়া জার্সির ‘অভিষেকে’ই বিশ্বকাপে ব্যর্থতা! ‘ছেলেখেলা হচ্ছে’, তোপ অলিম্পিক পদকজয়ীর

আশা জাগিয়েও এবারের মতো হকি বিশ্বকাপ জিততে ব্যর্থ ভারতীয় দল। সোমবার আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন হরমনপ্রীত সিংরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:৪৬

options
link
গেরুয়া জার্সির ‘অভিষেকে’ই বিশ্বকাপে ব্যর্থতা! ‘ছেলেখেলা হচ্ছে’, তোপ অলিম্পিক পদকজয়ীর
হকি বিশ্বকাপের ঠিক আগেই ভারতীয় দলে আছড়ে পড়ে জার্সি বিতর্ক।

৫১ বছর ধরে অধরা বিশ্বকাপ। আশা জাগিয়েও এবারের মতো হকি বিশ্বকাপ জিততে ব্যর্থ ভারতীয় দল। সোমবার আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন হরমনপ্রীত সিংরা। তারপরই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন পি আর শ্রীজেশ। টানা দু’বার অলিম্পিক পদকজয়ী হকি দলের সদস্য প্রশ্ন তুলছেন, বিশ্বের সেরা দলগুলোকে হারানোর জন্য আদৌ কোনও প্রস্তুতি নিচ্ছে ভারত?

Advertisement

হকি বিশ্বকাপের ঠিক আগেই ভারতীয় দলে আছড়ে পড়ে জার্সি বিতর্ক। নতুন জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করে ফেডারেশন। সেখানেই দেখা যায়, চিরাচরিত নীল জার্সি নয়, ভারতীয় হকি তারকাদের পরনে গেরুয়া রঙের জার্সি। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। হকি ফেডারেশনের দাবি, হকির মাঠ সাধারণত নীল রঙেরই হয়। সেখানে মাঠের সঙ্গে জার্সির রং একেবারে মিশে যায়। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনার পরই জার্সির রং বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে জানান, জার্সির রং পালটানো নিয়ে কোনও আলোচনা হয়নি। তাঁকে অন্ধকারে রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বিতর্ক মাথায় নিয়েই ভারতের পুরুষ এবং মহিলা দল বিশ্বকাপ খেলতে নামে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুই দল। তারপরই ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীজেশ। বলছেন, ‘এবার একটা কঠিন প্রশ্ন করা দরকার। ভালো হকি খেলার মতো, শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর মতো টিম কি তৈরি করতে পারছি আমরা? বিশ্বকাপটা আমাদের মহড়া দেওয়ার মঞ্চ নয়। ওটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সেসব নিয়ে আদৌ কেউ ভাবে? কেউ কি প্রশ্ন তুলবে?’

Advertisement

এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে শ্রীজেশ বলেন, প্রত্যেকটি ব্যর্থতার পর আগামী টুর্নামেন্টের দোহাই দিয়ে বলা হয়, দল ভালো হকি খেলছে এবং শিখছে। অলিম্পিক পদকজয়ীর মতে, এইসব ছেলেখেলার যুক্তি দিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলবে। পাকিস্তানের বিরুদ্ধে জয়টাকেই বড় সাফল্য হিসাবে দেখানো হবে। সবমিলিয়ে, ভারতীয় হকির বর্তমান পরিস্থিতি নিয়ে আশাহত প্রাক্তন অধিনায়ক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.