Satwik-Chirag

সিঙ্গাপুর ওপেনে ঐতিহাসিক সাফল্য, এক নম্বর জুটিকে হারিয়ে ফাইনালে সাত্ত্বিক-চিরাগ

প্রথমবারের মতো পুরুষদের ডাবলস ফাইনালে পৌঁছলেন এই ভারতীয় জুটি। রবিবার ফাইনাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১৯:৪০

options
link
সিঙ্গাপুর ওপেনে ঐতিহাসিক সাফল্য, এক নম্বর জুটিকে হারিয়ে ফাইনালে সাত্ত্বিক-চিরাগ
ইতিহাস গড়ে ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি। ছবি পিটিআই।

ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস গড়লেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতার সেমিফাইনালে বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওন হো ও সিও সেউং জে-কে পরাজিত করে প্রথমবারের মতো পুরুষদের ডাবলস ফাইনালে পৌঁছলেন এই ভারতীয় জুটি। 

Advertisement

চতুর্থ বাছাই সাত্ত্বিক-চিরাগ ৫২ মিনিটের কঠিন লড়াইয়ে ২১-১৯, ২১-১৮ ফলে জয় ছিনিয়ে নেন। প্রথম গেমে কোরিয়ান জুটি ১৩-১১ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করে গেমটি নিজেদের করে নেন ভারতীয়রা। দ্বিতীয় গেমেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বিরতির সময় সাত্ত্বিক-চিরাগ ১১-১৪ ফলে পিছিয়ে পড়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে একের পর এক পয়েন্ট জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন তাঁরা। শেষ পর্যন্ত ২১-১৮ ফলে গেম জিতে ইতিহাস লেখেন ভারতীয় জুটি।

Advertisement

এই জয়ের ফলে প্রথমবারের মতো সিঙ্গাপুর ওপেনের পুরুষদের ডবলস ফাইনালে উঠল কোনও ভারতীয় জুটি। রবিবার ফাইনালে সাত্ত্বিক-চিরাগের সামনে ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান ও মুহাম্মদ শোহিবুল ফিকরি অথবা চিনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চাং জুটি।

শনিবার মিক্সড ডবলসে আরও এক ভারতীয় জুটি ধ্রুব কাপিলা ও তনিশা ক্রাস্টো সেমিফাইনালে জাপানের ইউইচি শিমোগামি ও সায়াকা হোবারা-র কাছে ১৬-২১, ২১-১৭, ১৩-২১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন। যদিও দ্বিতীয় গেমে লড়াইয়ে ফিরে এসেছিলেন তাঁরা। কিন্তু নির্ণায়ক গেমে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.