Emiliano Martinez

তিন ঘণ্টা ধরে কাদায় আটকে! দিবু মার্টিনেজকে উদ্ধার করল গ্রামবাসী

প্রবল বৃষ্টির মধ্যে প্রায় তিন ঘণ্টা কাদার মধ্যে আটকে থাকতে হল তাঁকে। শেষ পর্যন্ত স্থানীয় এক পরিবারের তৎপরতায় উদ্ধার পেলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২১:২১

options
link
তিন ঘণ্টা ধরে কাদায় আটকে! দিবু মার্টিনেজকে উদ্ধার করল গ্রামবাসী
দিবু মার্টিনেজ। ফাইল ছবি।

বিশ্বকাপের ফাইনালে একের পর এক দুর্দান্ত সেভ করে স্পেনের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ (Emiliano Martinez)। মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে যিনি অভ্যস্ত, সেই বিশ্বজয়ী গোলরক্ষককেই এবার লড়তে হল প্রকৃতির সঙ্গে। প্রবল বৃষ্টির মধ্যে প্রায় তিন ঘণ্টা কাদার মধ্যে আটকে থাকতে হল তাঁকে। শেষ পর্যন্ত স্থানীয় এক পরিবারের তৎপরতায় উদ্ধার পেলেন।

Advertisement

ঘটনাটি আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেস এলাকায়। বিশ্বকাপের পর ছুটি কাটাতে কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের দিকে গিয়েছিলেন দিবু। প্রবল বৃষ্টিতে কাদা জমে থাকা এক রাস্তায় প্রথমে তাঁর এক বন্ধুর গাড়ি আটকে যায়। সেই গাড়ি টেনে তোলার চেষ্টা করতে গিয়ে কাদায় বসে যায় মার্টিনেজের গাড়িও। দু’টি গাড়িই আর নড়ানো সম্ভব হচ্ছিল না।

Advertisement

নির্জন ওই এলাকায় সাহায্যের জন্য অপেক্ষা করতে হচ্ছিল তাঁদের। সেই সময় মোটরসাইকেলে করে সেখানে পৌঁছন লিওনার্দো আলবারাখিন ও তাঁর ছেলে রামিরো। আটকে পড়া গাড়ি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা। পরে বুঝতে পারেন, যাঁদের উদ্ধার করছেন, তাঁদের মধ্যেই রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। লিওনার্দো নিজের কাছে থাকা ছুরি দিয়ে দড়ির গাঁট কেটে উদ্ধারকাজ শুরু করেন। পরে তাঁর পরিবারের অন্য সদস্যেরাও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসেন। মার্টিনেজও কাছাকাছি থাকা একটি বাড়ি থেকে ট্রাক্টর নিয়ে আসেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর অবশেষে কাদা থেকে বের করে আনা হয় দু’টি গাড়িকেই।

উদ্ধারকাজ চলাকালীন দীর্ঘ সময় লিওনার্দো ও তাঁর পরিবারের সঙ্গে গল্প করেন মার্টিনেজ। তবে ফুটবল নয়, মূলত ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছিলেন তিনি। বিদায়ের আগে উদ্ধারকারীদের ধন্যবাদ জানাতে ভোলেননি আর্জেন্টিনার গোলরক্ষক। কয়েকটি জার্সি ও ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে তাঁর বিখ্যাত সেভের পোস্টারে স্বাক্ষর করেন। পাশাপাশি নিজের ব্যবহৃত আর্জেন্টিনা দলের একটি কোটও উপহার দেন লিওনার্দোকে। তাঁর কথায়, “তিনি বলেছিলেন, ‘আপনাদের জন্যই আমি উদ্ধার হতে পেরেছি।’ তারপর নিজের কোটটি আমাকে উপহার দেন। আমি চোখের জল ধরে রাখতে পারিনি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.