সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন মাসে তিনটি ডবল সেঞ্চুরি৷ এক বছরে ক্যাপ্টেন হিসাবে তিনটি দ্বিশতরান৷ ওয়েস্ট ইন্ডিজে, ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং এখন ইংল্যান্ডের বিরুদ্ধে৷ রবিবাসরীয় ওয়াংখেড়েতে কুকবাহিনীর বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ৩০২ বলে হাঁকানো ২০০ রান তাঁকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিল বলা যায়৷
না, আর আটকে রাখা যাচ্ছে না টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে৷ সত্যি এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন তিনি৷ তাঁর ক্লাস এবং ফর্ম নিয়ে আর কিছুই বলার নেই সমালোচকদের৷ তাঁর সমসাময়িক ডেভিড ওয়ার্নার, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের থেকে প্রায় আলোকবর্ষ সমান দূরত্ব বানিয়ে ফেলেছেন বিরাট৷ এবং কৃতিত্ব শুধুই তাঁর একার৷ এর আগের দ্বিশতরানগুলি থেকে এদিনেরটা একটু বেশী আনন্দ দেবে বিরাটকে৷ কেন না সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৪০ ছিল, তাঁর কাছে এই দ্বিশতরান সত্যিই মধুর নয় কি?
তিনি জিততে আসেন, দলকে জেতাতে নামেন৷ গোটা সিরিজে যেভাবে তিনি ব্রিটিশ বোলিংকে নিয়ে ছেলেখেলা করেছেন তা প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে কুকদের কাছে৷ বিরাট ব্যাট হাতে ক্রিজে এলেই প্রমাদ গুনতে শুরু করেন ব্রড, অ্যান্ডারসনরা৷ কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে অধিনায়ক কুকের৷ যখনই মনে হয় ভারতীয় ব্যাটিং অর্ডারকে একটু হোঁচট খাওয়াচ্ছেন ব্রিটিশ বোলাররা, তখনই ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় দেখা যায় বিরাটকে৷ যত আগুনে বোলিংই হোক না কেন, সবই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট৷ এদিনের এই দ্বিশতরানের ইনিংসও যেন সেই অভ্যাসকেই আরও প্রকট করে তুলল৷ চতুর্থ দিনে লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৭ উইকেট খুইয়ে ৫৭৯ রান৷ প্রথম ইনিংসে ভারত এগিয়ে ১৭৯ রানে৷ ২১২ রানে বিরাট এবং ৯২ রানে ব্যাট করছেন জয়ন্ত যাদব৷ সব ঠিক থাকলে তিনিও জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ফেলতে পারেন৷
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা