Mohammedan

পাঁচ ম্যাচে ৭৫ গোল হজম! প্রবল লজ্জার পর লিগ থেকে নাম তুলল মহামেডান

মোহনবাগানের কাছে ২৩ গোল খেয়ে লজ্জার হার হয়েছে তাদের। পাশাপাশি ইস্টবেঙ্গলের কাছেও ১৪ গোল খেয়ে লজ্জার হার হয়েছিল মহামেডানের খুদেদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:১১

options
link
পাঁচ ম্যাচে ৭৫ গোল হজম! প্রবল লজ্জার পর লিগ থেকে নাম তুলল মহামেডান
সর্বভারতীয় স্তরে এভাবে দল তুলে নেওয়া সত্যি আশ্চর্যের। প্রতীকী ছবি।

পাঁচ ম্যাচে ৭৫ গোল! ফেডারেশনের সাব জুনিয়র লিগে গোল খাওয়ার লজ্জার নজির গড়ল মহামেডান। শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে দল তুলে নিল তারা। সাম্প্রতিক সময়ে শুধুমাত্র সিনিয়র দলই নয়, বয়স ভিত্তিক প্রতিযোগিতাগুলোতেও চূড়ান্ত ব্যর্থ সাদা-কালো ফুটবলাররা। মোহনবাগানের কাছে ২৩ গোল খেয়ে লজ্জার হার হয়েছে তাদের। পাশাপাশি ইস্টবেঙ্গলের কাছেও ১৪ গোল খেয়ে লজ্জার হার হয়েছিল মহামেডানের খুদেদের।

Advertisement

বুধবার বাকি দলগুলোর কাছে এই মর্মে ই-মেল পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। সেখানে লেখা হয়েছে, এই মরশুমে সাব জুনিয়র প্রতিযোগিতা থেকে দল তুলে নিয়েছে মহামেডান। পাঁচ ম্যাচে শুধু ৭৫ গোল খাওয়াই নয়, একটিও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। ফলে লিগ তালিকায় একেবারে শেষে নেমে গিয়েছিল সাদা-কালোর খুদে ব্রিগেড।

Advertisement

সর্বভারতীয় স্তরে এভাবে দল তুলে নেওয়া সত্যি আশ্চর্যের। এই পর্বে মোট আটটি দল রয়েছে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভবানীপুর। চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। চার ম্যাচে সমান পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

Advertisement

উল্লেখ্য, মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে ২৩ গোল খেয়েছিল মহামেডানের খুদেরা। পালটা একটাও গোল করতে পারেনি তারা। সবুজ মেরুন জার্সিতে ৮ গোল করে অনুব্রত বাউল দাস। দর্পণ হাতিবড়ুয়া ছ’টি গোল করে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ডটি হল ৩৬-০ গোলের। ১৮৮৫ সালে স্কটিশ কাপে বন একর্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিল আর্ব্রোথ। সেই নজিরের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও মোহনবাগানের কৃতিত্ব কিছু কম নয়। তবে কলকাতা ময়দানের তৃতীয় প্রধানের এমন দুর্দশা দেখে অবাক ফুটবলপ্রেমীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.