সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে রথযাত্রা এবং ঈদ প্রায় একইসঙ্গে পালিত হচ্ছে৷ পাঁপড় এবং বিরিয়ানি একইসঙ্গে খাওয়ার পরিকল্পনা করছেন সম্প্রীতিপ্রিয় মানুষ৷ জানাচ্ছেন একইসঙ্গে রথটানা এবং চাঁদ দেখার শুভেচ্ছা৷
সাম্প্রদায়িক সম্প্রীতি যখন এতটাই মধুর তখন এমন আর একটি মধুর কাহিনী বোধহয় জানা যেতেই পারে৷ যখন অসহিষ্ণুতা প্রসঙ্গে গোটা দেশ উত্তাল তখনও ভারতে এমন এক মসজিদ রয়েছে যার রক্ষণাবেক্ষণ করে চলেছে হিন্দুরা৷ আরও অবাক হবেন জানলে এই মসজিদ কোথায় অবস্থিত৷
খোদ কলকাতাতেই রয়েছে সেই মসজিদ যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হিন্দু ট্রাস্ট৷
জোড়াসাঁকোর মার্বেল প্যালেস মসজিদ যা বাঙালি বাবুর মসজিদ নামে খ্যাত তারই দেখভালের দায়িত্বে রয়েছে মল্লিক পরিবার৷ ১৮৩৫ সালে তৈরি এই মসজিদটির বয়স ১৮১ বছর৷ মল্লিক পরিবারের দেবোত্তর জমিতে তৈরি এই মসজিদটির রক্ষণাবেক্ষণ আজও করে চলেছেন মল্লিক পরিবারের ট্রাস্ট৷ সম্প্রতি আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে এই মসজিদের সংস্কারের প্রস্তাব দেওয়া হলে তা গ্রহণ করা হয় এবং মসজিদের যাবতীয় কাজকর্মের দেখভাল হচ্ছে ট্রাস্টের টাকায়৷
প্রসঙ্গত, মল্লিক পরিবারের বিখ্যাত পুরুষ রাজেন মল্লিকের মা হীরামণি দাসী স্বপ্নে জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন৷ আর তার পরেই মল্লিকদের বাড়িতেই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়৷ প্রতিবার রথে ধুমধাম করে জগন্নাথ দেবের পুজো হয় সেই মন্দিরে৷
জানলে অবাক হবেন, জগন্নাথ মন্দিরের ঠিক উল্টোদিকেই বাঙালি বাবুর মসজিদ৷
প্রসঙ্গত, ভারতে বাঙালি বাবুর মসজিদই একমাত্র মসজিদ, যেটি হিন্দুদের দ্বারা পরিচালিত হয়৷
আর এই জোড়াসাঁকোতেই জগন্নাথ দেবের পুজো এবং ঈদের নামাজ প্রায় একসঙ্গেই পড়া হল৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!